যুক্তরাষ্ট্রের উইসকনসিনে বন্দুকধারীর গুলিতে নিহত ৫

মার্কিন যুক্তরাষ্ট্রের উইসকনসিনে একটি বিয়ার কারখানায় বন্দুকধারীর গুলিতে অন্তত পাঁচ জন নিহত হয়েছেন। গুলিবর্ষণের পর বন্দুকধারী আত্মহত্যা করে। দেশটির উইসকনসিন অঙ্গরাজ্যের মিলওয়াকি শহরের ঐ কারখানায় এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে পাঁচ জনই ঐ কারখানার কর্মচারী।

স্থানীয় সময় বুধবার অঙ্গরাজ্যটির মিলওয়াকি শহরের মলসন কুজ বিয়ার কোম্পানির কারখানায় ঐ বন্দুকধারী এলোপাতাড়ি গুলি ছুড়লে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে ঘটনাস্থল থেকে কারখানার কর্মীদের পাশাপাশি পুলিশ ঐ বন্দুকধারীর লাশও উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, হামলাকারীর বয়স ৫১ বছর, তিনি মিলওয়াকির বাসিন্দা।  তবে কি কারণে তিনি হামলা চালিয়েছেন তা জানাতে পারেননি তারা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মিলওয়াকির মেয়র টম বারেট জানিয়েছেন, বুধবার বেলা দুইটায় ঘটনার সময়ে কারখানার ২০টি ভবনে ১ হাজারেরও বেশি শ্রমিক কাজ করছিলেন।  সেখানে গিয়ে ঐ বন্দুকধারী গুলিবর্ষণ করে। গোলাগুলির ঘটনার পর এক সংবাদ সম্মেলনে শহরটির পুলিশ প্রধান আলফোন্সো মোরালেস বলেন, এই শহরের বাসিন্দাদের জন্য ঘটনাটি দুর্বিষহ এক স্মৃতি হয়ে থাকবে।  আমরা তত্পর আছি, আর কোনো হুমকি নেই।

শহরের কেন্দ্রস্থলের পশ্চিম দিকে অবস্থিত এই কারখানাটি স্থানীয়ভাবে ‘মিলার ব্রুয়েরি’ নামে পরিচিত। ‘মিলার বিয়ার’ কোম্পানিটির অন্যতম শীর্ষস্থানীয় ব্রান্ড। কর্তৃপক্ষ বলছে, মৃত বন্দুকধারী একাই হামলাটি চালিয়েছে।  ঘটনার কয়েক ঘণ্টা পরও আইনপ্রয়োগকারী কর্মকর্তারা কারখানাটির ভবনগুলোতে তল্লাশি চালিয়ে নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছিলেন। হোয়াইট হাউজে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ে সংবাদ সম্মেলন চলাকালে প্রেসিডেন্ট  ডোনাল্ড ট্রাম্প এ গুলিবর্ষণের কথা স্বীকার করে হামলাকারী বন্দুকধারীকে ‘নীতিহীন খুনি’ অভিহিত করেন। —বিবিসি