বেসরকারি দুটি হজ প্যাকেজ ঘোষণা. সর্বনিম্ন ৩ লাখ ১৭ হাজার টাকা

বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ ও ইকোনমি নামে দুটি হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন (হাব)। সাধারণ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৬১ হাজার ৮০০ টাকা, আর ইকোনমি প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ১৭ হাজার টাকা। বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের জন্য এটিই সর্বনিম্ন হজ প্যাকেজ।

গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর হোটেল ভিক্টরিতে আয়োজিত সংবাদ সম্মেলনে হজ প্যাকেজ দুটি ঘোষণা করেন সংগঠনের সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম।

তিনি বলেন, হজ যাত্রীদেরকে হজ প্যাকেজের সমুদয় মূল্য আগামী ৩০ মার্চের মধ্যে এজেন্সির অনুকূলে পরিশোধ করতে হবে। তবে হজ যাত্রীদের কোরবানি এই হজ প্যাকেজে অন্তর্ভুক্ত করা হয়নি। হজ যাত্রীদের কোরবানির জন্য প্রত্যেককে ৫২৫ রিয়াল নগদ নিতে হবে। তসলিম বলেন, বেসরকারি দুটি হজ প্যাকেজের পাশাপাশি প্রত্যেক হজ এজেন্সি স্পেশালি একটি হজ প্যাকেজ ঘোষণা করতে পারবে।  তবে কোনো এজেন্সি হজ প্যাকেজের সর্বনিম্ন মূল্যের কমে কোনোভাবেই হজ যাত্রীদের কাছ থেকে টাকা নিতে পারবে না। হজ যাত্রীদের বাড়তি বিমান ভাড়া নিয়ে সন্তুষ্ট কি না জানতে চাইলে হাব সভাপতি বলেন, না সন্তুষ্ট নয়। এবার কোনে েকারণ ছাড়া ১২ হাজার টাকা বাড়তি বিমান ভাড়া ধরা হয়েছে। হজ প্যাকেজে সেটা কমানো হয়েছে মাত্র ২ হাজার। এখনো ১০ হাজার টাকা ভাড়া বাড়তি রয়েছে। আমরা এই বর্ধিত বিমান ভাড়া কমানোর দাবি করছি। তিনি বলেন, বিমান নিজেই কারো সঙ্গে আলাপ ছাড়া এ ভাড়া নির্ধারণ করেছে। এ সময় হাব মহাসচিব ফারুক আহমদ সরদার, সহসভাপতি ইয়াকুব শরাফতি, যুগ্ম মহাসচিব মাওলানা ফজলুর রহমান উপস্থিত ছিলেন।