চিকিত্সার ব্যাপারে খালেদা জিয়ার অনুমতি না দেওয়াটা অস্বাভাবিক :আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার অনুমতি না পাওয়ার কারণে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চিকিত্সকরা তার অ্যাডভান্স ট্রিটমেন্ট শুরু করতে পারছেন না। তিনি অসুস্থ হলে তার চিকিত্সার জন্য অনুমতি দেওয়াটাই স্বাভাবিক, কিন্তু সেটা দিচ্ছেন না। এটাকে আমার কাছে অস্বাভাবিক মনে হচ্ছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর গুলশানে নিজ বাসায় এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

খালেদা জিয়ার জামিনের আবেদন নাকচ হওয়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, এর আগে আপিল বিভাগে খালেদা জিয়ার জামিনের আবেদন করা হলে, কিছু পর্যবেক্ষণ দিয়ে আপিল বিভাগ তা খারিজ করে দেয়। তারপরও খালেদা জিয়ার আইনজীবীরা হাইকোর্টে জামিনের আবেদন করেছেন। আদালত অত্যন্ত গভীরভাবে দেখার পরেই এ বিষয়ে আইনি সিদ্ধান্তে উপনীত হয়েছেন। এখানে আমার কিছু বলার নেই। তিনি বলেন, বিএনপি থেকে অনেক কিছুই দাবি করা হয়; যা অযৌক্তিক। সেগুলোর জবাব দেওয়ার প্রয়োজন মনে করি না। সেগুলোর বিচার আপনারা ও জনগণ করবেন।