পাপিয়ার ব্যাংক হিসাব তলব মামলা তদন্তভার ডিবিতে

নানা অপকর্মের অভিযোগে গ্রেফতার যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়ার ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। তার ব্যাংকের হিসাব নথিতে কত টাকা জমা আছে, সে ব্যাপারে জানতে চিঠি দিয়েছে রাষ্ট্রের তপশিলি ব্যাংকের সব শাখায়। আগামী সাত দিনের মধ্যে তার হিসাব নথির সব তথ্য জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে পাপিয়ার বিরুদ্ধে দায়ের করা তিন মামলার তদন্তভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি) স্থানান্তর করা হয়েছে। অস্ত্র, মাদক ও জাল টাকার পৃথক তিন মামলায় পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরীসহ চার জন ১৫ দিনের রিমান্ডে রয়েছেন।

গত ২২ ফেব্রুয়ারি হযরত শাহজালাল বিমানবন্দর থেকে সাতটি পাসপোর্ট, ২ লাখ ১২ হাজার ২৭০ টাকা, ২৫ হাজার ৬০০ টাকার জাল নোট, ৩১০ ভারতীয় রুপি, ৪২০ শ্রীলঙ্কান রুপি, সাতটি মোবাইল ফোনসহ র্যাব পাপিয়াকে গ্রেফতার করে।