১ মার্চ ‘বিমা দিবস’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

 ‘বিমা দিবসে শপথ করি, উন্নত দেশ গড়ি’ এই প্রতিপাদ্য নিয়ে আগামী ১ মার্চ দেশে প্রথমবারের মতো উদ্যাপিত হবে জাতীয় বিমা দিবস। ঐ দিন সকাল ১০টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানিকভাবে বিমা দিবসের উদ্বোধন করবেন। বিমা দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

গতকাল বৃহস্পতিবার দুপুরে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষ (আইডিআরএ) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থার চেয়ারম্যান মো. শফিকুর রহমান পাটোয়ারী বিমা দিবস সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। এ সময় আইডিআরএর সদস্য গোকুল চাঁদ দাস, মো. বোরহান উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

এবারের বিমা দিবসে প্রথমবারের মতো পাঁচ জন বিশিষ্ট বিমা ব্যক্তিকে এই খাতে অবদানের জন্য বিশেষ সম্মাননা দেওয়া হবে। এদের মধ্যে রয়েছেন সাধারণ বিমা করপোরেশনের সাবেক চেয়ারম্যান খোদা বক্স, গোলাম মাওলা, বিজিআইসি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম এ সামাদ, জীবন বিমা করপোরেশনের সাবেক চেয়ারম্যান শামসুল আলম এবং ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সাবেক ব্যবস্থাপনা পরিচালক শাফায়েত আহমেদ।