আগামীকাল ওয়ানডে সিরিজ শুরু

আস্থার প্রতিদান দিতে চান সাইফউদ্দিন

মাশরাফি বিন মুর্তজার দৃঢ় বিশ্বাস, নতুন বলে যেমনই হোক স্লগ ওভারে মোহাম্মদ সাইফউদ্দিনের হাতে বল দিয়ে নির্ভার থাকা যায়। বলে-কয়ে ইয়র্কার করতে পারেন এই তরুণ পেস বোলিং অলরাউন্ডার। পিঠের ইনজুরির কারণে পাঁচ মাস মাঠের বাইরে ছিলেন সাইফউদ্দিন। ইনজুরি কাটিয়ে বড়ো কোনো পরীক্ষা ছাড়াই ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন তিনি। এবার জিম্বাবুয়ের বিরুদ্ধে আগামীকাল শুরু হতে চলা ওয়ানডে সিরিজে নির্বাচকসহ টিম ম্যানেজমেন্টের আস্থার প্রতিদান দিতে চান সাইফউদ্দিন।

গত বছর বিশ্বকাপে ভালো করেছিলেন এই তরুণ। বিশ্বকাপের পর শ্রীলঙ্কা সফরে যেতে পারেননি ইনজুরির কারণে। সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন চট্টগ্রামে গত সেপ্টেম্বরে ত্রিদেশীয় টি-২০ সিরিজে আফগানিস্তানের বিরুদ্ধে। এর মাঝে মিস করেছেন বিপিএল, এনসিএল, ভারত সফর, পাকিস্তান সফর। মাঠে ফিরতে তর সইছে না সাইফউদ্দিনের। গতকাল তিনি বলেছেন, ‘ফিরতে পেরেছি খুব ভালো লাগছে। শেষ পাঁচ মাস এ দিনটির অপেক্ষায় ছিলাম। টিমের সঙ্গে অনুশীলন করব। একই ড্রেসিং রুম শেয়ার করব। কাঙ্ক্ষিত দিনটা ফিরে পেয়ে খুব ভালো লাগছে। প্রত্যেকটা খেলোয়াড়ের মাঠের বাইরে থাকা কষ্টকর।’

সবকিছু নতুন করে শুরু করতে চান সাইফউদ্দিন। আবার ধ্রুব সত্যটাও জানেন যে, পারফর্ম না করলেই বাদ পড়তে হবে। গতকাল ২৩ বছর বয়সি এই ক্রিকেটার বলেছেন, ‘এখন অনেক কিছু আবার নতুন মনে হচ্ছে। নতুন করে আবার সব কিছু শুরু করতে চাই। এ জায়গাটা এরকম। আপনি যতদিন পারফর্ম করবেন টিকে থাকবেন, পারফর্ম করবেন না টিকে থাকবেন না।’

সবার আস্থার প্রতিদান দেওয়ার আশায় এই তরুণ, ‘টিম ম্যানেজমেন্ট আমার ওপর আস্থা রেখেছে। নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের আমার ওপর আস্থা রাখার জন্য ধন্যবাদ জানাতে চাই। আমি উনাদের প্রতিদান দিতে চাই।’

বল হাতে নিজের কাজগুলো ভালো করেই জানা আছে সাইফউদ্দিনের। সেগুলো মনে করে জানালেন, ‘এর আগে আমি বিশ্বকাপে ও আগের সিরিজগুলোতে নতুন বলে ও স্লগ ওভারগুলোতে বোলিং করেছি। অধিনায়ক নতুন বল তুলে দিয়ে পাওয়ার প্লেতে আমার থেকে উইকেটের প্রত্যাশায় থাকে। ডেথ বোলিংয়ে সব সময় যত রান সেভ করা যায় তত ভালো।’

লম্বা সময় পর বাংলাদেশ ওয়ানডে খেলতে নামছে। আগামীকাল সিলেটে জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রথম ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ। সাইফউদ্দিনের আশা, টেস্টের মতো ওয়ানডেতেও দাপট দেখাবে টাইগাররা।

গতকাল তিনি বলেছেন, ‘বিশ্বকাপে লর্ডসে খেলার পর আমার আর খেলা হয়নি। বাংলাদেশও দীর্ঘদিন ওয়ানডে খেলেনি। কাছাকাছি। জিম্বাবুয়ের বিপক্ষে আমাদের খেলা ঘরের মাটিতে আমরা অবশ্যই এগিয়ে থাকব। শেষ টেস্ট ভালো করে জিতেছি। আশা করছি ওয়ানডেতেও ভালো যাত্রা শুরু করব।’

এদিকে সিলেট অফিস জানায়, সিলেট স্টেডিয়ামে গতকাল সকালে অনুশীলন করেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। বিকাল সাড়ে ৩টায় শুরু করে সন্ধ্যার পরও অনুশীলন করে বাংলাদেশ দল। দিবারাত্রির সিরিজ বলে ফ্লাডলাইটের কৃত্রিম আলোয় নিজেদের ঝালিয়ে নিয়েছেন টাইগাররা।