ভারতের বাঁচা-মরার লড়াই আজ শুরু

ওয়েলিংটনে ভারত বাজেভাবে হারলেও দুর্দান্ত বোলিং করে প্রশংসা কুড়িয়েছিলেন পেসার ইশান্ত শর্মা। কিন্তু, ক্রাইস্টচার্চের হেগলি ওভালে আজ থেকে শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় টেস্টে খেলবেন না তিনি। কারণ, ডান পায়ের গোড়ালির পুরোনো ইনজুরিটা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে তার।

টিম ম্যানেজমেন্ট শুরুতে ইশান্ত শর্মার জায়গায় তরুণ পেসার নবদ্বীপ সাইনির অভিষেক করানোর পক্ষে ছিল। তবে, পরে তারা সেই অবস্থান থেকে সরে এসেছে। এখন ক্রাইস্টচার্চে শর্মার জায়গায় খেলবেন অভিজ্ঞ পেসার উমেশ যাদব।

রঞ্চি ট্রফির ম্যাচে গত জানুয়ারিতে দিল্লির হয়ে বিদর্ভের বিপক্ষে খেলতে গিয়ে ডান পায়ের গোড়ালিতে চোট পান ইশান্ত শর্মা। ঘরোয়া ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নিয়ে ব্যাঙ্গালুরুর ক্রিকেট অ্যাকাডেমিতে তিনি ফিটনেস ফিরে পাওয়ার লড়াই শুরু করেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু হওয়ার কিছু দিন আগে ফিটনেস টেস্ট দিয়ে তবেই নিউজিল্যান্ড সফরের দলে জায়গা নেন।

এরপর ওয়েলিংটনে স্বপ্নের মতো বোলিং করেন। পেয়ে যান পাঁচ উইকেট। কিন্তু, তখনই আবারও নতুন করে ফিটনেস হারাতে শুরু করেন। কারণ, পুরোনো ব্যথাটা ফিরতে শুরু করেছিল। এর বর্তমান অবস্থা হলো ব্যথার পাশাপাশি চোটগ্রস্ত স্থানটি বেশ ফুলেও গিয়েছে। এই পরিস্থিতিতে ক্রাইস্টচার্চ টেস্টে ইশান্তকে খেলানোর ঝুঁকি নিতে চায় না ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

প্রথম টেস্টে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হেরে বিপাকে আছে ভারত। ফলে, দুই ম্যাচের টেস্ট সিরিজ জয়ের আর কোনো পথ খোলা নেই। ভারত ক্রাইস্টচার্চে জিতে কোনোক্রমে সিরিজ ড্র করে ফিরতে চায়।

যদিও, বিরাট কোহলির দলের জন্য ক্রাইস্টচার্চে পেস বাউন্সের কোনো কমতি রাখতেই পুরো সবুজ ঘাসে ঢাকা উইকেট বানিয়ে রেখেছে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের পেসার নিল ওয়াগনার জানালেন নিজেদের শক্তির জায়গাটাই কাজে লাগাতে চায় স্বাগতিকরা।

বললেন, ‘আমরা জানি ভারতের দুর্বলতা কোন জায়গাতে। আর এটাও জানি যে, আমরা নিজেদের কোন অস্ত্রটা ব্যবহার করলে ভালো ফলাফল পেতে পারব। তাই আমরা ওদিকেই নজর রাখছি। ভারতের দুর্বলতা কাজে লাগাতে আমরা চেষ্টার কোনো কমতি রাখব না।’

ভারতীয় অধিনায়ক কোহলি অবশ্য এই হুঙ্কারে ভীত নন। বললেন, ‘আমরা নিজেদের কাজটা ঠিক মতো করতে চাই। সাম্প্রতিক পারফরম্যান্সের জের ধরে মাঠের বাইরে অনেক কথাই হচ্ছে এখন। এত কিছু লক্ষ্য করলে আসলে মাঠে পারফরম করা কঠিন হয়ে যাবে। তাই আমরা মূল কাজ, মানে মাঠের খেলাতেই বেশি মনোযোগ দিচ্ছি। প্রতিপক্ষ কে, উইকেট কেমন সেটা ভাবতে গেলে আসলে পরিস্থিতি আরো ঘোলাটে হয়ে যাবে। তবে, এটুকু বলে রাখা দরকার যে যেকোনো পরিস্থিতি মোকাবিলা করার সামর্থ্য আমার দলের আছে। শুধু আমাদের সেই আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামতে হবে।’

কোচ রবি শাস্ত্রীও মনে করছেন, ঘুরে দাঁড়াবে ভারত। তিনি বলেন, ‘যেটা হয়ে গেছে সেটা তো আর ঠিক করা যাবে না। তাই ওসব নিয়ে আর আলোচনা বা বিচলিত হওয়ার কিছু নেই। আমরা সামনের দিকে তাকাচ্ছি। আমি মনে করি ক্রাইস্টচার্চে ভারত ঘুরে দাঁড়াবে।’