নাটুকে হারে আর্সেনালের বিদায়

অলিম্পিয়াকোসের মাঠে ১-০ গোলের জয়টা আর্সেনালকে ইউরোপা লিগের শেষ ষোলর পথেই রেখেছিল। কিন্তু নিজেদের মাঠে শেষ মুহূর্তে গোল হজম করে ২-১ হারের পর ইউরোপা থেকে ছিটকেই গেল কোচ মিকেল আর্তেতার দল। গেটাফের বিপক্ষে ২-১ জিতেও দুই লেগের ফলাফল মিলিয়ে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছে গতবার চ্যাম্পিয়ন্স লিগে সাড়া জাগানো আয়াক্স।

ম্যানচেস্টার ইউনাইটেড অবশ্য ক্লাব ব্রুজের বিপক্ষে ৫-০ গোলের জয় নিয়ে শেষ ষোল নিশ্চিত করেছে। ইন্টার মিলান ২-১ গোলে লুদোগোরেতসকে হারিয়ে উঠে গেছে পরের পর্বে।

গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল হজম করে আর্সেনাল। দুই লেগের ফলাফলে দুই দল সমতায় থাকলে খেলা গড়ায় যোগ করা অতিরিক্ত সময়ে।  ১১৩ মিনিটে পিয়েরে-এমেরিক অবামেয়াংয়ের গোলে ম্যাচে ফেরে গানাররা। তবে ১১৯ মিনিটে সেট পিস থেকে স্বপ্নভঙ্গ হয় দলটির। ইউসেফ এলআরবির গোলে বিদায় নিশ্চিত হয় তাদের।

এমন বিদায়ে হতাশ আর্সেনাল কোচ। মিকেল আর্তেতার ভাষ্য, ‘এটা নির্মম এবং চরম হতাশার। কিন্তু একই সঙ্গে আমি খেলোয়াড়দের নিয়ে গর্বিত। আমরা পরের পর্বে যেতে পারলে সেটা অসাধারণ হতো। খেলোয়াড়রা যেভাবে খেলেছে তাতে তাদের ওপর সন্তুষ্ট। দলের ওপর আমার পুরো আস্থা আছে। তবে এমন ফলাফল বেদনাদায়ক।’

আয়াক্স আমস্টারডাম গেল বছরই স্বপ্নের মতো এক মৌসুম কাটিয়েছিল। তবে চলতি মৌসুমে সবই যেন গত মৌসুমের উলটো ঘটছে দলটির সঙ্গে। প্রথমে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে পড়ে দলটি। এরপর ইউরোপা লিগ থেকেও বিদায় নিতে হলো ডাচ ক্লাবটিকে।

গেতাফের মাঠে ২-০ গোলে হেরে ফেরা আয়াক্স বৃহস্পতিবার ৫ মিনিটেই গোল হজম করলে পরের পর্বে যেতে হলে করতে হতো চার গোল। ১০ ও ৬৩ মিনিটে দুটো গোল শোধ করে একটা চেষ্টা করেছিল গেলবারের চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালিস্টরা। তবে শেষমেশ সেটা সাফল্যের মুখ না দেখলে বিদায়ই পরিণতি হয় তাদের, গেতাফে চলে যায় শেষ ষোলয়। এছাড়াও এদিন বেনফিকা, পোর্তো, স্পোর্টিং লিসবন ও সেল্টিকের মতো ইউরোপীয় দলও বিদায় নিয়েছে ইউরোপা থেকে।

তবে ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাব ব্রুজকে হারিয়েছে দোর্দণ্ড প্রতাপেই। ম্যাচের ২২ মিনিটে প্রতিপক্ষ ডিফেন্ডার সিমোন দেলির লাল কার্ডের পর ফ্রেডের জোড়া গোল আর ব্রুনো ফার্নান্দেজ, ওডিওন ইঘালো ও স্কট ম্যাকটমিনির লক্ষ্যভেদে ৫-০ গোলে জিতে পরের পর্ব নিশ্চিত করে কোচ ওলে গুনার সোলসারের শিষ্যরা।

আরেক ইংলিশ দল উলভারহ্যাম্পটন অ্যাস্পানিয়লের মাঠে ৩-২ গোলে হারলেও আগের লেগে ৪-০ ব্যবধানের জয়ের সুবাদে উঠে গেছে প্রতিযোগিতার শেষ ষোলয়। ইন্টার মিলান লুডোগোরেতসের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় নিয়ে সাকুল্যে ৪-১ ব্যবধানে পরের পর্বে চলে গেছে।

উল্লেখ্য, এখন পর্যন্ত শেষ ষোল নিশ্চিত করা দলগুলো হচ্ছে, রেঞ্জার্স, ইস্তানবুল, রোমা, ভলফসবুর্গ, লিনজার অ্যাথলেটিক, বেয়ার লেভারকুসেন, উলভারহ্যাম্পটন, বাসেল, ম্যানইউ, কোপেনহেগেন, শাখতার, ইন্টার, গেতাফে, সেভিয়া ও অলিম্পিয়াকোস।