পাপিয়ার সহযোগীদেরও ধরা হবে :স্বরাষ্ট্রমন্ত্রী

বিশেষ প্রতিনিধি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বহিষ্কৃত যুব মহিলা লীগ নেত্রী শামিমা নূর পাপিয়ার সঙ্গে অপকর্মে জড়িত অন্যদেরও আইনের আওতায় আনা হবে। গতকাল শুক্রবার দুপুরে সাভারের আশুলিয়ার গেরুয়া বাজার এলাকায় দারুল উলুম মাবিয়া ইসলামিয়া মাদ্রাসার একটি ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পাপিয়ার নানা অপকর্মের কথা গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে। এসব অপকর্মের সঙ্গে আরো অনেকেই জড়িত বলে অভিযোগ রয়েছে। এ ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা অপরাধের সঙ্গে জড়িত, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না। বর্তমান সরকারের সময় অপরাধ করে কেউ পার পাবে না বলে জানান তিনি। জুয়া, সন্ত্রাস, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

উচ্চ আদালতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন আবার নাকচ হওয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, আইন ও বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন, তাই বিচার বিভাগের ওপর বর্তমান সরকারের কোনো হাত নেই। খালেদা জিয়াকে জামিন দেওয়ার একমাত্র এক্তিয়ার আদালতের।

এ সময় আরো উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, মাদ্রাসার অধ্যক্ষ মাহবুবুর রহমান নবাবগঞ্জী, মাদ্রাসার সভাপতি মিনহাজ উদ্দিন মুছা মিয়া, স্থানীয় পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ার প্রমুখ।