ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের পর নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের মেয়েদের জন্য অপেক্ষা করছে এবার নিউজিল্যান্ড। আজ শনিবার, বাংলাদেশ সময় ভোর ৬টায় ম্যাচটা অনুষ্ঠিত হবে মেলবোর্নের জাঙ্কশন ওভালে।
এর আগে বৃহস্পতিবার টানা দ্বিতীয় হারের স্বাদ পেয়েছে বাংলাদেশ দল। ভারতের বিপক্ষে ১৮ রানে হারের পর শক্তিশালী অস্ট্রেলিয়ার কাছে ৮৬ রানের ব্যবধানে হারে সালমা খাতুনের দল। এমন হারের পর বড়ো দলগুলোর বিপক্ষে বেশি সিরিজ খেলার ওপর গুরুত্বারোপ করেন দলের তারকা ব্যাটসম্যান ফারজানা।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ফারজানা বলেন, ‘অস্ট্রেলিয়ার মতো বিশ্বমানের দলের বিপক্ষে আমরা দুই-চারটা সিরিজ খেলতে পারি তাহলে আমাদের খেলার মান উন্নত হবে। আমাদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হবে।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি অনেক বেশি কঠিন ছিল বলে জানান ফারজানা, ‘এ ম্যাচটিতে আমরা নার্ভাস ছিলাম না। ম্যাচটি কঠিন ছিল। আমি মনে করি এই ধরনের ম্যাচের আগে বড়ো বড়ো দলের বিপক্ষে যদি আমরা খেলতে পারি তবে ভালো হবে। তবে অস্ট্রেলিয়ার মতো দলকে হারানো কঠিন হবে না।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম মোকাবিলাটা সুখকর হলো না বাংলাদেশের। ফারজানা বলেন, ‘অস্ট্রেলিয়ার সঙ্গে এই প্রথম খেললাম। তাদের বোলিং বিভাগ বেশ শক্তিশালী। তার ওপর উইকেট অনেক বেশি ভালো ছিল। অস্ট্রেলিয়া ১৯০ রান করেছে। এটি বড় টার্গেট। কিছু দুর্বলতার জন্য আমরা ভালো ব্যাটিং করতে পারিনি।’
বাংলাদেশের আজকের প্রতিপক্ষ নিউজিল্যান্ডও চলতি বিশ্বকাপে বাংলাদেশের মতোই এর আগে খেলেছে দুটি ম্যাচ। এর মধ্যে তারা ভারতের বিপক্ষে হারলেও শ্রীলঙ্কাকে সাত উইকেটের বড়ো ব্যবধানে হারিয়েছে।