কুমিল্লা ভেন্যুতে প্রিমিয়ার লিগের জন্য মোহামেডান ভেন্যু করেছিল। প্রিমিয়ার লিগের খেলা দেশের সব ভেন্যুতে শুরু হয়ে গেলেও কুমিল্লা ভেন্যুতে এখনো খেলা হয়নি। ৭ মার্চ মোহামেডান ও বুসন্ধরা কিংসের খেলা দিয়ে কুমিল্লা ভেন্যু শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে খেলা শুরু হওয়ার কথা। কিন্তু এই ভেন্যুতে খেলা মাঠে গড়ানোর আগেই অনিশ্চিত হয়ে গেল কুমিল্লা।
বাফুফে নিজেই এখন এই ভেন্যু নিয়ে প্রশ্ন তুলেছে। গতকাল বাফুফের নির্বাহি কমিটির সভা শেষে সালাম মুর্শেদীর কণ্ঠে কুমিল্লা ভেন্যুও কথাটি উঠেছে বেশ গুরুত্ব সহকারে। সভায় জানানো হয়েছে সেখানে এখনো ক্রিকেট লিগের খেলা চলছে। আজ বা কাল ক্রিকেট খেলা শেষ হবে। তাতেই সমস্যা সমাধান হবে সেটাও নিশ্চিত না। কারণ ক্রিকেট পিচ রেয়েছে। পিচ থাকাকালীন কীভাবে ফুটবল খেলাটা হবে সেটা নিয়েই মূলত শঙ্কা তৈরি হয়েছে। পিচ রক্ষা করে খেলা হবে, নাকি পিচ তুলে ফেলে খেলা হবে, সেটা নির্ধারণ হয়নি। মাঠের মাঝখানে পিচ, তাই ফুটবল লিগের খেলা আয়োজন করাটা কঠিন সেটা এত দিন পরে এসে বুঝতে পারছে লিগ কমিটি।
সালাম মুর্শেদী কাল জানিয়েছেন তারা একটা প্রতিনিধিদল পাঠাবেন, ফিরে এসে রিপোর্ট দেবেন। তার ওপর নির্ভর করবে কুমিল্লায় খেলা হবে কি, হবে না। সালাম বলেন, ‘সপ্তম ভেন্যু নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সেখানে এখনো ক্রিকেট চলছে। আজ-কালের মধ্যে হয়তো শেষ হবে। এর মধ্যে আমাদের মাঠ কমিটি কুমিল্লার ওই ভেন্যু পরিদর্শন করে দেখবে। তাদের মতামতের ভিত্তিতেই সব নির্ভর করছে।’ যদি ভেন্যু পরিদর্শন করে সিদ্ধান্ত দিতে হয় তাহলে লিগ শুরু হওয়ার আগে সেটি না করে ভেন্যু করা হলো কেন ? তার জবাব না পাওয়া গেলেও সালামের কথার পর বাদল রায়কে প্রশ্ন করা হয়েছিল তিনিও খুব একটা জোরালো গলায় কিছু বলতে পারেননি। তবে একেবারে নিরাশও করেনি। বলেছেন,‘আমি চাইছি সেখানে খেলা হোক।’