খালেদা জিয়ার অঘটন ঘটলে দায় সরকারের :মওদুদ

ইত্তেফাক রিপোর্ট

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজনৈতিক কারণে জামিন দেওয়া হচ্ছে না বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। কারা হেফাজতে খালেদা জিয়ার কিছু হলে দায় সরকারকেই নিতে হবে বলে হুঁশিয়ার করেছেন তিনি। গতকাল জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ আয়োজিত খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। আয়োজক সংগঠনের সভাপতি গিয়াস উদ্দিন খোকনের সভাপতিত্বে আরো বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক, কৃষক দলের সদস্য লায়ন মিয়া মো. আনোয়ার, কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।

খালেদা জিয়ার মুক্তি আন্দোলন বেগবান করতে ছাত্রদল-যুবদলকে আরো সংগঠিত করার আহ্বান জানান তিনি।