পীরগঞ্জ (রংপুর) সংবাদদাতা
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, শিশুদের বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নের লক্ষ্যে শিশুদের এগিয়ে যেতে হবে। মুজিববর্ষে শিশুদের সৃজনশীল হয়ে বাংলাদেশের সঠিক ইতিহাস জানতে হবে। গত বুধবার পীরগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শিশু মেলা ও র্যালি উদ্বোধনের পর আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্পিকার বলেন, বঙ্গবন্ধু আজীবন অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন থেকে মাথা উঁচু করে অধিকার প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করেছেন। বঙ্গবন্ধুর সেই ত্যাগ থেকে শিশুদের শিক্ষা নিতে হবে। জেলা তথ্য অফিস ও উপজেলা প্রশাসনের আয়োজনে শিশুর মানসিক বিকাশ ও অধিকার সম্পর্ক উদ্বুদ্ধকরণের লক্ষ্যে ‘শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়)’ শিক্ষক প্রকল্পের আওতায় দুই দিনব্যাপী শিশুমেলা ও র্যালি উদ্বোধনের পর এ সভায় জেলা প্রশাসক আসিব আহসান সভাপতিত্ব করেন। এতে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র তথ্য অফিসার হুমায়ুন কবীর। এর আগে স্পিকার উপজেলা পরিষদ চত্বরে ডিজিটাল পদ্ধতিতে ২৮টি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে তিনি উপজেলা কমপ্লেক্স ভবনের সম্মুখে ‘বঙ্গবন্ধু ম্যুরাল’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজিজুর রহমান রাঙ্গা, উপজেলা নির্বাহী অফিসার টি এম এ মমিন, উপজেলা প্রকৌশলী নুরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলন, অধ্যাপক নুরুল আমিন রাজা প্রমুখ উপস্থিত ছিলেন।