আগৈলঝাড়া-গোপালগঞ্জ-খুলনা-ঢাকা আঞ্চলিক মহাসড়কে পয়সারহাট সেতু এলাকার পূর্বপাড়ে ছোটোবড়ো গর্তের কারণে দূরপাল্লার যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এই আঞ্চলিক মহাসড়ক দিয়ে প্রতিদিন বেনাপোল, খুলনা, যশোর, ঢাকাসহ দূরপাল্লার অসংখ্য গাড়ি চলাচল করছে। গ্লোবাল পরিবহন কাউন্টার মালিক ফিরোজ সিকদার বলেন, ঐ সড়কের কয়েকটি স্থানেই গর্তের সৃষ্টি হয়েছে। সেতু নির্মাণের পরে শুধু বালু দিয়ে অ্যাপ্রোচ সড়ক নির্মাণ করা হয়। সামান্য বৃষ্টিতেই বালুর মধ্যে পানি প্রবাহের কারণে ছোটো গর্ত হয়ে অল্পদিনেই তা বড়ো হয়ে যায়। ফলে যানবাহন চলাচলে সমস্যা দেখা দেয়।
সরেজমিনে দেখা গেছে, বরিশাল সড়ক ও জনপথ বিভাগের আওতায় নির্মিত আঞ্চলিক মহাসড়কের বরিশাল অংশের আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট সেতুর সড়কের পূর্বপাড়ে অ্যাপ্রোচ সড়কে ছোটোবড়ো গর্ত হয়ে গেছে। সম্প্রতি এই মহাসড়ক নির্মাণের কাজ শেষ হয়েছে। মহাসড়কটিতে গর্ত হওয়ায় রাতে যানবাহন চলাচল করতে গিয়ে যানবাহন গর্তে পড়ে ঘটছে দুর্ঘটনা।
এ ব্যাপারে বরিশাল সওজ বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. সাইফুল জানান, ঐ অ্যাপ্রোচ সড়কসহ বিভিন্ন কাজের টেন্ডার হয়েছে। ঠিকাদার খুব শিগগির নির্মাণকাজ করবে। তবে কাজ শুরুর প্রথমেই অ্যাপ্রোচ সড়কের গর্তের সমাধান করা হবে।