হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ জংশনের পার্কিং এলাকায় যানবাহন থেকে চাঁদা আদায়ের দায়ে এক ব্যক্তিকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকালে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমি আক্তার রেল জংশন এলাকার পার্কিংয়ে অভিযান চালিয়ে যানবাহন থেকে চাঁদা আদায়ের অভিযোগে এক ব্যক্তিকে ১ হাজার টাকা জরিমানা করেন।
জানা যায়, একটি প্রভাবশালী মহল শায়েস্তাগঞ্জ রেলওয়ে পার্কিং ইজারা নেওয়ার নামে দীর্ঘদিন ধরে এ চাঁদাবাজি করে আসছিল।
উপস্থিত ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, ঐ জংশন হয়ে নিয়মিত বেশ কয়েকটি আন্তঃনগর ট্রেনে সহস্রাধিক যাত্রী যাতায়াত করেন। এ রেলওয়ে পার্কিং যাত্রীদের সেবার জন্য নির্মিত হলেও চাঁদা না দিলে সেবা পাওয়া যায় না। যাত্রীদের ব্যক্তিগত গাড়িসহ ভাড়া করা গাড়ি জংশনের পার্কিংয়ে প্রবেশ করা মাত্রই একটি প্রভাবশালী মহল টোলের নামে চাঁদা দিতে বাধ্য করে। অন্যথায় পার্কিং এলাকায় গাড়ি রাখতে দেওয়া হয় না। ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ও পেশকার উস্তার মিয়া।