পীরগাছায় সড়কে হেলে পড়েছে বৈদ্যুতিক খুঁটি

রংপুরের পীরগাছায় কান্দি-দোয়ানী সড়কে প্রায় এক বছর আগে নতুন লাইন নির্মাণের সময় ছয়টি বৈদ্যুতিক খুঁটি হেলে পড়ে। ঠিকাদারি প্রতিষ্ঠান দায়সারাভাবে খুঁটিগুলো বসালেও স্থানীয় পল্লী বিদ্যুত্ সমিতি হেলে পড়া খুঁটিগুলোর মাধ্যমে ১১ কেভি ভোল্টের লাইন চালু করেছে। এতে যে কোনো সময় খুঁটি পড়ে গিয়ে বড়ো ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা। সরেজমিনে জানা যায়, রংপুর পল্লী বিদ্যুত্ সমিতি-১ এর অধীনে ঠিকাদারী প্রতিষ্ঠান কান্দি-দোয়ানী সড়কের পাশ দিয়ে দায়সারাভাবে খুঁটিগুলো স্থাপন করে। একটি খুুঁটি সড়কের ওপর হেলে পড়েছে তো পরের খুঁটি পাশের জমির দিকে হেলে পড়েছে।

দোয়ানী গ্রামের বাবু মিয়া বলেন, সামনে ঝড়-বাদলের দিন আসছে। খুঁটিগুলো দ্রুত সোজা করা প্রয়োজন। তা না হলে বড়ো ধরনের দুর্ঘটনা হতে পারে। রংপুর পল্লী বিদ্যুত্ সমিতি-১ পীরগাছা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) আব্দুল জলিল বলেন, এ ধরনের ঘটনা ঘটে থাকলে দ্রুত সমাধান করা হবে।