রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর এলাকায় রেললাইনের পাশ থেকে ১৮ দিনে দুই অজ্ঞাতনামা নারী-পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় রেললাইনের আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বেলপুকুর থানা পুলিশ জানায়, গত বৃহস্পতিবার ভোরে রেলগেটের কাছ থেকে আনুমানিক ২৫ বছর বয়সি এক অজ্ঞাত যুবকের দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করা হয়। এছাড়া গত ৯ ফেব্রুয়ারি প্রায় একই স্থানে আনুমানিক ৩৫ বছর বয়সি এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করা হয়। বেলপুকুর ইউপি চেয়ারম্যান বদিউজ্জামান বলেন, গত কয়েক দিনের মধ্যে রেললাইনে দু’টি অজ্ঞাত লাশ উদ্ধার নিয়ে জনমনে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। রাতের আঁধারে নাম পরিচয়বিহীন মানুষের মৃতদেহ পড়ে থাকা রহস্যজনক। বেলপুকুর থানার ওসি আলমগীর হোসেন বলেন, নিহতদের পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি।