গভীর রাজনৈতিক সংকটের মুখে পড়েছে মালয়েশিয়া। একই সঙ্গে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের ভবিষ্যত্ নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার মাহাথির মোহাম্মদ জানিয়েছিলেন পার্লামেন্ট পরবর্তী প্রধানমন্ত্রীর ব্যাপারে সিদ্ধান্ত নেবে। আগামী সোমবার নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য পার্লামেন্টে বিশেষ অধিবেশন হবে। কিন্তু গতকাল শুক্রবার দেশটির রাজা আল সুলতান আবদুল্লাহ রিয়াতুদ্দিন আল মুস্তফা অন্তর্বর্তী প্রধানমন্ত্রী মাহাথিরের এই পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন। এক ঘোষণায় তিনি জানিয়েছেন, পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচনে আগামী সোমবার পার্লামেন্টে বিশেষ অধিবেশন বসছে না। কারণ আমি মনে করি না, প্রধানমন্ত্রী নির্বাচনের মতো কোনো দলের বা প্রার্থীর সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। রাজ প্রসাদের এক ঘোষণায় বলা হয়েছে, রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে আলোচনা হবে এবং তাদের পছন্দের প্রধানমন্ত্রী প্রার্থীর ব্যাপারে কথা হবে।
এদিকে মাহাথিরের নিজের দল প্রিবুমি বারসাতু মালয়েশিয়ার চেয়ারম্যান মহিউদ্দিন ইয়াসিনকে প্রধানমন্ত্রী প্রার্থী করছে। এর ফলে মালয়েশিয়ার পরবর্তী প্রধানমন্ত্রী কে হচ্ছেন তা নিয়ে যেমন অনিশ্চয়তা বাড়ছে, তেমনি মাহাথিরের ভাগ্য নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি আকস্মিকভাবে পদত্যাগ করেন মাহাথির মোহাম্মদ। অনেকেই ধারণা করেছিলেন, নিজের ক্ষমতা ও কর্তৃত্ব আরো সুসংহত করতে পদত্যাগ করেছেন তিনি। কিন্তু তার দলের সর্বশেষ সিদ্ধান্তে সেটি ভুল প্রমাণিত হতে চলেছে।
অন্যদিকে মাহাথির মোহাম্মদের সঙ্গে সমঝোতা অনুযায়ী তারপর প্রধানমন্ত্রী হওয়ার অপেক্ষায় থাকা আনোয়ার ইব্রাহিমের রাজনৈতিক জোট জানিয়েছে, রাজার সঙ্গে আনোয়ারকে কথা বলার সুযোগ দেওয়া উচিত। যাতে তিনি রাজাকে বোঝাতে পারেন যে প্রধানমন্ত্রী হওয়ার জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা তার রয়েছে। তবে ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গানাইজেশন (ইউএমএনও) দল, যারা প্রায় ছয় দশক মালয়েশিয়ার ক্ষমতায় ছিল, তারা এবং ইসলামী দল পিএএস মাহাথিরের বারসাতু পার্টির প্রার্থীকে পেছন থেকে সমর্থন দেবে বলে জানিয়েছে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মুহিউদ্দিনকে মাহাথির তার সম্ভাব্য উত্তরাধিকার হিসেবে অনেকবারই পরিচয় করিয়েছেন।