চট্টগ্রামে পুলিশ বক্সে বিস্ফোরণ সার্জেন্টসহ চার জন অগ্নিদগ্ধ

চট্টগ্রামে একটি পুলিশ বক্সে রহস্যময় বিস্ফোরণের পর আগুন লাগার ঘটনায় এক ট্রাফিক সার্জেন্টসহ চার জন অগ্নিদগ্ধ হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর ষোলশহর ২ নম্বর গেট এলাকার পুলিশ বক্সে এ ঘটনা ঘটে। অগ্নিদগ্ধদের মধ্যে সার্জেন্ট আরাফাত নামে এক পুলিশ সদস্যের পরিচয় জানা গেছে। বাকি তিন জনের মধ্যে দুই জন পুলিশ সদস্য ও এক পথচারী ছিলেন। তবে তাদের পরিচয় জানা যায়নি। অগ্নিদগ্ধ চার জনকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। পাঁচলাইশ থানা থেকে জানানো হয়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত না করে বিস্তারিত কিছু বলা যাবে না।  

চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) বিজয় বসাক ইত্তেফাককে জানান, আমরা ঘটনাস্থলে রয়েছি। ঘটনার কারণ জানার চেষ্টা করছি। এটি নিছক বৈদ্যুতিক শর্টসার্কিট নাকি নাশকতার ঘটনা তা তদন্ত করে বের করা হবে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহির উদ্দিন জানান, অগ্নিদগ্ধ দইুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের শরীরের ৮ থেকে ১০ শতাংশ পুড়ে গেছে।

এদিকে, ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে     ষোলশহর পুলিশ বক্সে রহস্যজনক বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় বিকট শব্দে আশেপাশের এলাকা কেঁপে ওঠে। বিস্ফোরণে পুলিশ বক্সটি চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়। এসময় অগ্নিদগ্ধ হয়ে কয়েকজন মাটিতে লুটিয়ে পড়েন। তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।