সাপ্তাহিক ছুটির দিন গতকাল শুক্রবার দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় সাত জন নিহত হয়েছেন। এদের মধ্যে এক উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং এক পুলিশ সদস্য রয়েছেন। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—
নোয়াখালী প্রতিনিধি জানান, জেলা শহরে সড়ক দুর্ঘটনায় সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. জসিম উদ্দিন শেখ (৪৫) নিহত হয়েছেন। গতকাল বেলা ১১টায় দুর্ঘটনার পর রাজধানীর স্কয়ার হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। পৌর বাজার থেকে বাজার করে বাসায় ফেরার পথে জেলা শহরের মাইজদী গালর্স একাডেমির কাছে একটি সিএনজিচালিত অটোরিকশা পেছন থেকে ধাক্কা দিলে তিনি রিকশা থেকে ছিটকে সড়কের ওপর পড়ে মাথায় আঘাত পান। জসীম উদ্দীন শেখ উপজেলা শিক্ষা অফিসার হিসেবে সদর উপজেলায় ২০১৫ সালের অক্টোবরে যোগদান করেন। তার বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায়। সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম সরদার জানান, স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিত্সা শেষে ঢাকায় পাঠানো হয়।
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা জানান, ভাঙ্গায় গতকাল ভোরে কর্তব্যরত অবস্থায় ইউনুছ আলী (৫২) নামে হাইওয়ে থানা পুলিশের এক সদস্য ট্রাকচাপায় নিহত হয়েছেন। ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক আশরাফ হোসেন জানান, ভাঙ্গা বিশ্বরোডের পূর্ব পাশে বগাইল টোলপ্লাজা-সংলগ্ন এলাকায় ভোরে টহল পুলিশের সঙ্গেই ছিলেন তিনি। এ সময় দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। অন্য পুলিশ সদস্যরা ট্রাকটিকে তাড়া করে হেলপারসহ আটক করতে সক্ষম হয়। ইউনুছ আলীর গ্রামের বাড়ি বরিশাল জেলার বানিয়াপাড়া থানায়। স্ত্রী ও এক সন্তান রয়েছে তার।
পাবনা প্রতিনিধি জানান, পাবনা-ঢাকা মহাসড়কের আতাইকুলা থানার মধুপুর এলাকায় কাভার্ড ভ্যান ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিন জন। গতকাল ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—আতাইকুলা থানার মধুপুর গ্রামের আব্দুল হামিদ (৪০) ও একই থানার ভবানীপুর গ্রামের বাবু হোসেন (৫০)। পাবনা ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক দুলাল মিয়া জানান, একটি মিনি ট্রাকে কয়েক জন ক্ষুদ্র ব্যবসায়ী পাবনার আরিফপুর হাজিরহাটে যাচ্ছিলেন। পথিমধ্যে মধুপুর নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মিনি ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। পাবনা হাইওয়ে পুলিশের ইনচার্জ সার্জেন্ট আমিনুল ইসলাম বলেন, চালক ও হেলপার পালিয়েছে।
গোপালগঞ্জ প্রতিনিধি জানান, গোপালগঞ্জের কাশিয়ানীতে মাইক্রোবাস চাপায় ইদ্রিস মোল্লা (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সকাল ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার চরচাপ্তা নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ক্যাম্পের সার্জেন্ট রেজাউল করিম জানান, সকালে রাস্তা পারাপারের সময় একটি মাইক্রোবাস ইদ্রিস মোল্লাকে চাপা দেয়।
মানিকগঞ্জ প্রতিনিধি জানান, মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের গোকুলনগর গ্রামে সিএনজি চালিত অটোরিকশার চাপায় ইমা (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল দুপুর ১২টার দিকে মানিকগঞ্জ-বালিরটেক সড়কে এ দুর্ঘটনা ঘটে। ইমা খুলনা জেলার পাইকগাছা উপজেলার কাতাবানিয়া গ্রামের এনামুল মোড়লের মেয়ে। সদর থানার এসআই আব্দুর রহিম জানান, গোকুলনগর গ্রামে হক ব্রিক্সে শিশুটির বাবা কাজ করেন। সেই সুবাদে এনামুল পরিবার পরিজন নিয়ে ওই এলাকাতেই থাকেন। দুপুরে ইটভাটায় যাবারকালে রাস্তা পার হওয়ার সময় একটি অটোরিকশা তাকে চাপা দেয়।
ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা জানান, গতকাল দোয়ারাবাজার উপজেলার বালিউরা বাজারে ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় বাবুল মিয়া (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি দোয়ারা উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মৌলারপার গ্রামের বাসিন্দা।