মানিকগঞ্জের সিংগাইরে গত ১৮ ফেব্রুয়ারি উপজেলার তালেবপুর ইউনিয়নের চরগোলড়া গ্রাম ও ধলেশ্বরী নদীর মধ্যবর্তী চক থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতনামা লাশের পরিচয় মিলেছে। তিনি মানিকগঞ্জ সদর থানার পুটাইল লেমুবাড়ী গ্রামের আব্দুল আলিমের ছেলে আলিফ (২০)। তালেবপুর ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামে নানি মনোয়ারার বাড়িতে থাকতেন তিনি।
পার্শ্ববর্তী চরগোলড়া গ্রামের জামাল মোল্লার পুত্র ইমরান (২১) আর্থিক লেনদেন ও পূর্বশত্রুতার জের ধরে গত ১৭ ফেব্রুয়ারি দিবাগত রাতে তাকে হত্যা করে কেরোসিন দিয়ে আগুন জ্বালিয়ে লাশ পুড়িয়ে চকে ফেলে যায়।
গতকাল শুক্রবার বিকাল ৪টার দিকে সিংগাইর থানার এসআই আনোয়ার হোসেন পুলিশ ফোর্স নিয়ে ঢাকার সূত্রাপুর থানার মানামা প্রেস থেকে ইমরানকে গ্রেফতার করে। এসআই আনোয়ার বলেন, লাশ আগুনে ঝলসে গেলেও হাতের আঙুলে থাকা আংটি দেখে আলিফের পিতা ছেলের লাশ শনাক্ত করেন। এরপর কললিস্টের মাধ্যমে আসামিকে গ্রেফতার করতে সক্ষম হন তিনি।