কলকাতার বেকার হোস্টেল পরিদর্শনে শেখ রেহানা ও প্রধানমন্ত্রী কন্যা পুতুল

বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত কলকাতার বেকার হোস্টেল পরিদর্শন করলেন তার কনিষ্ঠ কন্যা শেখ রেহানা এবং নাতনি সায়মা ওয়াজেদ পুতুল। শুক্রবার তারা ব্যক্তিগত সফরে কলকাতায় আসেন।

কলকাতায় ইসলামিয়া কলেজে পড়ার সময় বেকার হোস্টেলের ২৪ নম্বর কক্ষে থাকতেন বঙ্গবন্ধু। সেই কক্ষে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের আবক্ষ মূর্তি বসানো হয়েছিল। সেটি দেখতে ভালো না হওয়ায় বদলানোর উদ্যোগ নিয়েছিলেন শেখ রেহানা। নতুন আবক্ষ মূর্তি উদ্বোধনের সময় তিনি আসতে পারেননি। তাই এদিন তিনি দেখে গেলেন। বঙ্গবন্ধুর আবক্ষ মূর্তিতে তিনি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল ফুল দিয়ে শ্রদ্ধা জানান। রাতেই তারা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যান।