ইসির বিরুদ্ধে মামলা করা হবে: শাহরিয়ার কবির

নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানিয়েছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সভাপতি লেখক সাংবাদিক শাহরিয়ার কবির। 

মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে ‘মুক্তিযুদ্ধের চেতনার অভিযাত্রা’ শীর্ষক এক আলোচনা সভায় এ কথা বলেন  তিনি।

প্রশ্ন রেখে শাহরিয়ার কবির বলেন, জামায়াতে ইসলামীর নিবন্ধন না থাকায় দলটি নির্বাচনে অযোগ্য ঘোষিত হলেও কিভাবে জামায়াতের সদস্যরা ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিতে পারে। 

তিনি আরো বলেন, দল নির্বাচন করতে পারলো না অথচ দলের সদস্য নির্বাচন করবে এটা হতে পারেনা। একাত্তরের মুক্তিযুদ্ধের বিরোধীতাকারী দল জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। তারা গণহত্যা করে মানবতাবিরোধী অপরাধ করেছে। 

জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র সংবিধানবিরোধী উল্লেখ করে শাহরিয়ার কবির বলেন, একাত্তরে যারা গণহত্যা করেছে এদেশের মাটিতে তাদের রাজনীতি করার অধিকার নেই। পৃথিবীর কোথাও এই অধিকার দেওয়া হয়নি। 

আরো পড়ুন: বিএনপির লিফলেটসহ ৮ কোটি টাকা জব্দ, হাওয়া ভবনের সাবেক কর্মচারী আটক

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু জামায়াতকে নিষিদ্ধ করেছিলেন। কিন্তু ৭৫ এর পর জেনারেল জিয়াউর রহমান ক্ষমতায় এসে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে জামায়াতকে রাজনীতি করার সুযোগ করে দেন। হাইকোর্ট জামায়াতকে নিষিদ্ধ করেছে। 

সংগঠনটির সাতক্ষীরা জেলা কমিটির আহবায়ক অধ্যক্ষ আশেক-ই-এলাহির সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন- সাতক্ষীরা ২ আসনের আওয়ামী লীগ প্রার্থী মীর মোস্তাক আহমেদ রবি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম প্রমুখ। 

ইত্তেফাক/জেডএইচ