বিনোদন রিপোর্ট
এদেশের তরুণদের মাঝে জনপ্রিয় ব্যান্ড ‘শহরতলী’। তাদের ভিন্ন গায়কী দিয়ে শ্রোতাদের মাঝে ভিন্ন এক জায়গা করে নিয়েছে ব্যান্ডটি। ১০ বছর আগে রিলিজ পায় তাদের প্রথম অ্যালবাম ‘বরাবর শহরতলী’। অ্যালবামের জনপ্রিয় গানগুলোর মধ্যে অন্যতম ‘প্রস্থান’। যা এখনও শ্রোতাদের মাঝে বেশ জনপ্রিয়। ১০ বছর পর এবার গানটির সিক্যুয়াল নিয়ে এলো ‘শহরতলী’। ‘প্রস্থান-২’ গানটি মিউজিক ভিডিও আকারে প্রকাশ পেয়েছে ২৭ ফেব্রুয়ারি ব্যান্ডের নিজস্ব ইউটিউব চ্যানেলে।
গানটির কথা লিখেছেন তপন মাহমুদ। সুর করেছেন ব্যান্ডের ভোকাল মিশু খান। ‘প্রস্থান-২’-এর ভিডিও নির্মাণ করেছেন আফজাল হোসেন মুন্না। এতে মডেল হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা রিয়াজুল রিজু ও অভিনেত্রী শারমিন আঁখি। মুন্না মিউজিক ভিডিওটি প্রসঙ্গে বলেন, ‘শহরতলীর প্রথম গানটি শ্রোতাদের মাঝে বেশ জনপ্রিয়। এই গানটিও শ্রোতাদের ভালো লাগবে আশা করি। ব্যান্ডটির জন্য শুভকামনা। আর চেষ্টা করেছি গানের সঙ্গে সামঞ্জস্য রেখে মিউজিক ভিডিও নির্মাণ করার। আশা করি সবার ভালো লাগবে।’
গানটি প্রসঙ্গে মিশু বলেন, ‘প্রথম গানটি অনেকেরই খুব পছন্দের। গল্পটা দুজনের। যেখানে ছেলেটাকে ছেড়ে মেয়েটা চলে যায়। পরবর্তীতে হয়তো মেয়েটা ফিরে আসে। কিন্তু তবুও কী একসঙ্গে থাকার সৌভাগ্য তাদের মেলে? এই প্রশ্নের জবাবটাই আমরা খুঁজেছি এবারের গানচিত্রে।’