নির্বাচনী মাঠে সরব শোবিজ তারকারাও!

 

নির্বাচনী মাঠে তত্পরতা চালাচ্ছেন বিনোদন জগতের একঝাঁক তারকা। গত এক সপ্তাহে ঢাকা ও চট্টগ্রামসহ বেশ কয়েকটি জেলায় নির্বাচনী সমাবেশে অংশ নিয়েছেন তারা।

গত এক সপ্তাহে চিত্রনায়ক ফেরদৌস, রিয়াজ, শাকিল খান, মাহফুজ, জয়, সাইমন, চিত্রনায়িকা অরুণা বিশ্বাস, জ্যোতিকা জ্যোতি, অভিনেত্রী রোকেয়া প্রাচী, তানভিন সুইটি, তারিনসহ অনেক তারকা কুমিল্লা, ফেনী ও চট্টগ্রামের বেশ কয়েকটি নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখেন। এদিকে আজ বাগেরহাটে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত থাকবেন অভিনেতা ডিপজল, চিত্রনায়িকা আঁচল, অভিনেতা আফজাল শরীফসহ বেশ কয়েকজন তারকা। গতকাল দুপুরে ময়মনসিংহের গৌরীপুরে এক প্রচার সমাবেশে অংশ নেন বেশ কয়েকজন তারকা। এ তারকাদের মধ্যে রয়েছেন শাকিল খান, সাইমন, তারিন, অরুণা বিশ্বাস, রোকেয়া প্রাচী, আহমেদ রুবেল, মাজনুন মিজান, আসিফ প্রমুখ। জ্যোতিকা জ্যোতি বলেন, ‘রূপালি পর্দার তারকাদেরও দেশ ও সমাজের প্রতি দায়িত্ব রয়েছে। আমরা কেউই চাই না দেশ আবারো পিছিয়ে যাক। আমরা চাই দেশকে উন্নত রাষ্ট্র হিসেবে দেখতে। আমাদের দায়িত্ববোধ থেকেই তাই কাজ করছি।’

এদিকে সিরাজগঞ্জে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত অভিনেতা জাহিদ হাসান। শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের গুণেরগাঁতী ও নিস্তারীনি প্রাথমিক বিদ্যালয় মাঠে তিনি গণসংযোগ করেন। পরে শহরের এমএ মতিন বাস টার্মিনাল এলাকাতেও গণসংযোগ করেন জাহিদ হাসান। তিনি বলেন, ‘উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য যোগ্য লোককে ক্ষমতায় আনতে হবে। মানুষকে এগুলো বোঝাতেই আমি প্রচারণায় অংশ নিচ্ছি।’ এদিকে প্রচারণায় অংশ নেওয়া তারকাদের দেখতে সমাবেশগুলোতে বিপুল মানুষের ঢল নামছে।