ডোমারে বেইলি ব্রিজ ভেঙে ট্রাক খাদে

তিন দিনেও সংস্কার হয়নি ভোগান্তিতে স্থানীয়রা

ডোমার (নীলফামারী) সংবাদদাতা

নীলফামারী ডোমার-বোড়াগাড়ি হয়ে গোমনাতি-চিলাহাটি যাওয়ার বেইলি ব্রিজটি গত তিন দিন ধরে ভেঙে পড়ে থাকলেও এখনো পর্যন্ত সংস্কারের উদ্যোগ নেয়নি সওজ। এতে ভোগান্তিতে পড়েছে দুই পাড়ের চার ইউনিয়নসহ আশপাশের লক্ষাধিক মানুষ। সবচেয়ে ভোগান্তিতে পড়েছে রোগী, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা। তারা চলাচলের একমাত্র ব্রিজটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছে। এলাকাবাসী জানান, গত ২৭ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) রাতে সাইনবোর্ড এলাকায় অবস্থিত বেইলি ব্রিজটি সিমেন্ট বোঝাই ট্রাকসহ ভেঙে পড়ে। ট্রাক থেকে সিমেন্ট নিয়ে যাওয়া হলেও এখনো ট্রাকটি পড়ে আছে। ট্রাক ওঠানো বা ব্রিজটি সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বামুনিয়া এলাকার আব্দুর রশীদ বলেন, আমাদের এলাকার কেউ অসুস্থ হলে চিলাহাটি-মির্জাগঞ্জ হয়ে অতিরিক্ত প্রায় ২৫ কিলোমিটার ঘুরে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে হচ্ছে। গোমনাতি এলাকার কৃষক আব্দুস সালাম ও কামাল ইসলাম বলেন, আমরা ঐ সড়ক দিয়ে ভ্যান ও পিকআপযোগে কৃষিপণ্য নিয়ে ডোমারে বিক্রি করতাম। এখন আমাদের এসব জায়গায় যেতে অনেক সময় লাগছে। পরিবহন খরচও অনেক বেড়ে গেছে।  স্কুলের ছাত্রছাত্রীরা জানায়, ব্রিজটি ভেঙে যাওয়ায় ধানের খেতের আইল দিয়ে যাতায়াত করতে হচ্ছে। অনেক সময় পা পিছলে অনেকে পড়ে গিয়ে সম্পূর্ণ শরীরে কাদা লেগে যায়। ঐদিন আর স্কুলে যাওয়া হয় না। এ বিষয়ে নীলফামারীর সড়ক ও জনপদের (সওজ) নির্বাহী প্রকৌশলী মঞ্জুরুল করিম বলেন, ট্রাকটি না সরানো পর্যন্ত কোনো কাজ করতে পারছি না। মালিক ট্রাকটি সরিয়ে নিলে আমরা সংস্কার কাজ শুরু করব।