আক্কেলপুরে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

আক্কেলপুর (জয়পুরহাট) সংবাদদাতা

আক্কেলপুর উপজেলার রায়কারী ইউনিয়নের গুদুম্বা গ্রামের একটি পুকুরপাড় থেকে রবিবার স্বামী ও স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন—শাহীন সুলতান (২৮) ও তার স্ত্রী আশাতুন (২৫)।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। রায়কালী ইউপির ওয়ার্ড সদস্য খোরশেদ আলম বলেন, শাহীন কৃষি কাজ করতেন। এছাড়া অন্যের জমিতেও কাজ করতেন। রবিবার সকালে একজন শ্রমিক তেঁতুলগাছের ডালে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় তাদের ঝুলতে দেখে গ্রামে খবর দেন। গ্রামের লোকজন সেখানে গিয়ে স্বামী-স্ত্রীর লাশ দেখতে পেয়ে পুলিশকে জানায়। আক্কেলপুর থানার ওসি আবু ওবায়েদ বলেন, ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। স্বামী-স্ত্রীর দ্বন্দ্ব থেকে এই ঘটনা ঘটতে পারে।