নারী ফুটবল লিগ
স্পোর্টস রিপোর্টার
নারী ফুটবল লিগে বসুন্ধরা কিংসের বিপক্ষে যেকোনো দলই গোল বন্যায় ভাসবে। গতকাল রবিবারও কমলাপুর স্টেডিয়ামে তাই হয়েছে। বসুন্ধরা ১৩-০ গোলে পরাজিত করে সিলেটের স্পারটন এমকে গ্ল্যাকটিকো সিলেট এফসিকে। এর মধ্যে একটি আত্মঘাতী। অধিনায়ক সাবিনা খাতুন এবং মনিকা চাকমা (৪) হ্যাটট্টিক করেছেন। জোড়া গোল করেন তহুরা ও মুন্নি। একটি করে গোল দেন শিউলী ও কৃষ্ণা। দুই ম্যাচে সাবিনার ৬ গোল।
বসুন্ধরা কিংস প্রথম খেলায় ১২-০ গোলে হারিয়েছিল বেগম আনোয়ারা এফসিকে। এখন পর্যন্ত নারী লিগের চারটি খেলা হয়েছে। এর মধ্যে বসুন্ধরা দুই ম্যাচে ২৫ গোল পেয়েছে। তবে নাসরিন স্পোর্টস একাডেমি নামের যে দলটি রয়েছে সেই দলটি স্পারটন এমকে গ্যালাকটিকো সিলেটে এফসির বিপক্ষে ১২-০ গোলে জিতেছিল। বোঝা যাচ্ছে প্রতিপক্ষ দলগুলো খুব একটা প্রস্তুতি নিয়ে আসেনি। নাসরিন একাডেমির খেলোয়াড়রা বাফুফের ক্যাম্পের। আর অন্য যেসব দল রয়েছে তারা এখনো নিজেদের গুছিয়ে উঠতে পারেনি।
সিলেটের দলটি ঢাকায় ক্যাম্প করেছে লিটল ব্রাদার্স ক্লাবের টেন্টে। কোচ সাব্বির আহমেদ সোহেল। এক সময় ঢাকায় খেলেছেন আবাহনী, ওয়ান্ডারার্স, ভিক্টোরিয়া, মুক্তিযোদ্ধা, আরামবাগে খেলেছেন বলে জানিয়েছেন এই সাবেক গোলকিপার। বললেন, ‘আমাদের সাত জন মেয়ে সিলেটে চা বাগানে কাজ করেন। অন্যদের মধ্যে কেউ নড়াইল, চট্টগ্রাম, নেত্রকোনা হতে এসেছে।
আজকের খেলা :
বেগম আনোয়ারা স্পোর্টিং ক্লাব ও নাসরিন স্পোর্টস একাডেমি। এফসি উত্তরবঙ্গ ও কুমিল্লা ইউনাইটেড। (১২টা ও ৩টা, কমলাপুর স্টেডিয়াম)।