নারী বিশ্বকাপ
স্পোর্টস রিপোর্টার
অন্তত একটি ম্যাচ জেতার আশায় দেশ ছেড়েছিল বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল।
আইসিসি নারী টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্বে তিন ম্যাচ খেলে এখনও জয়শূন্য বাংলাদেশের মেয়েরা। টুর্নামেন্টে শেষের দুয়ারে চলে আসলেও জয়ের খাতা খোলার সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে। ‘এ’ গ্রুপের ম্যাচে আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামবে সালমা খাতুনের দল। গ্রুপ পর্বে এটিই শেষ ম্যাচ। মেলবোর্নে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৬টায়।
লঙ্কানদের হারানোই মূলত বিশ্বকাপে বাংলাদেশ নারী দলের মূল টার্গেট ছিল। বিশ্বকাপের আগের দুই আসরে ছিল না একটিও জয়। লঙ্কানদের বিপক্ষে সবেধন নীলমণি জয়টি চায় সালমা বাহিনী। চলমান আসরে বাংলাদেশের মতোই টানা তিনটি ম্যাচ হেরেছে শ্রীলঙ্কা। শক্তিশালী ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের কাছে হেরে যায় বাংলাদেশ ও শ্রীলঙ্কা। তাই সালমাদের মতো লঙ্কান মেয়েরাও আজ জয়ের খোঁজে থাকবে। জয়ের স্বপ্নপূরণ কঠিন কর্মই হবে বাংলাদেশের জন্য। এর আগে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ১৮ রানে, দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৮৬ রানে ও তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ১৭ রানে হেরেছিল বাংলাদেশের মেয়েরা।