খালেদা জিয়াকে জামিন দেওয়া না-দেওয়া আদালতের বিষয়

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, বিএনপি একটি রাজনৈতিক দল। রাজনৈতিক দল হিসেবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে তারা আন্দোলন করতেই পারে। কিন্তু আজ জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। যে কারণেই তারা আন্দোলন করলেও জনগণকে পাচ্ছে না। তিনি বলেন, খালেদা জিয়া আদালতের একটি রায়ে কারা অন্তরিণ রয়েছেন। তাকে জামিন দেওয়া হবে কি হবে না সেটি আদালত বিবেচনা করবে।

রবিবার সকালে মেহেরপুরের মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথাগুলো বলেন। মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স পরিদর্শন শেষে তিনি মেহেরপুর সদর উপজেলার ঐতিহাসিক আমঝুপি নীলকুঠি পরিদর্শন করেন। পরে বিকালে মেহেরপুর শহিদ ড. সামসুজ্জোহা পার্কে জেলা পুলিশের আয়োজনে মাদক, সন্ত্রাস ও জঙ্গি বিরোধী জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন। এসময় তিনি বলেন, সন্ত্রাস জঙ্গিবাদ নিয়ন্ত্রণে পুলিশ এখন যথেষ্ট সক্ষম ও জনবান্ধব। মন্ত্রী বলেন, বর্তমান সরকার মাদক নিয়ন্ত্রণ বিভাগকে পুরোপুরি ঢেলে সাজিয়েছে। মাদক নিয়ন্ত্রণে ইতিমধ্যে এই বিভাগ সফলতার সঙ্গে সক্রিয় ভূমিকা পালন করছে।

মেহেরপুরের পুলিশ সুপার এস এম মুরাদ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন, মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন, খুলনা রেঞ্জের ডিআইজি ড. মহিদ উদ্দিন বিপিএম (বার), জেলা প্রশাসক মো. আতাউল গনি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক প্রমুখ।