চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপিসহ সাত মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। মেয়র পদে ৯ প্রার্থীর মধ্যে স্বতন্ত্র দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তারা হলেন খোকন চৌধুরী ও তানজির আবেদন।
মেয়র পদে বৈধ প্রার্থীরা হলেন— আওয়ামী লীগের প্রার্থী মো. রেজাউল করিম চৌধুরী, বিএনপির প্রার্থী ডা. শাহাদাত হোসেন, জাতীয় পার্টি প্রার্থী সোলায়মান আলম শেঠ, ইসলামী ফ্রন্টের প্রার্থী মাওলানা এম এ মতিন, পিপলস পার্টির আবুল মনজুর, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ ওয়াহেদ মুরাদ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের জান্নাতুল ইসলাম।
স্বতন্ত্র দুই প্রার্থীর জমা দেওয়া ভোটারের স্বাক্ষরযুক্ত তালিকায় গরমিল থাকায় তাদের প্রার্থিতা বাতিল হয়েছে। তবে বাদপড়া প্রার্থীদের আগামী তিন দিনের মধ্যে আপিলের সুযোগ রয়েছে।
রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামন বলেন, মামলায় সাজাপ্রাপ্ত, ৩০০ ভোটারের স্বাক্ষরযুক্ত তালিকা দেওয়া হয়েছে তা মূলত: যাছাই-বাচাই করা হচ্ছে। সাত জন মেয়র প্রার্থীর মনোনয়নপত্রে কোনো ত্রুটি পাওয়া যায়নি। দুই প্রার্থীর জমা দেওয়া স্বাক্ষরযুক্ত ভোটার তালিকা সঠিক পায়নি। তাই তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।’
ঘোষিত তপশিল অনুযায়ী ৮ মার্চ প্রার্থিতা প্রত্যাহার, ৯ মার্চ প্রতীক বরাদ্দ ও ২৯ মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
১১ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল
নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে ১১ জনের মনোনয়ন ফরম বাতিল হয়েছে। গতকাল রবিবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মনোনয়নপত্র বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বাছাই কার্যক্রম শেষে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান বলেন, সিটি করপোরেশন নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে ১১ জনের মনোনয়ন বাতিল হয়েছে। যাদের মনোনয়ন বাতিল হয়েছে তারা আগামী তিন দিনের মধ্যে আপিল করার সুযোগ রয়েছে। আগামী ৯ মার্চ প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
উল্লেখ্য, এবারের চসিক নির্বাচনে মেয়র পদে ৯ জন, সংরক্ষিত কাউন্সিলর ৫৮ জন, সাধারণ কাউন্সিলর পদে ২২০ জন মনোনয়ন ফরম জমা দেন।