চট্টগ্রামে পুলিশ বক্সে রহস্যজনক বিস্ফোরণের ঘটনার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী আইএস। জঙ্গি হুমকি পর্যবেক্ষণকারী সাইট ইন্টেলিজেন্স গ্রুপের ওয়েবসাইটে গত শনিবার এই তথ্য প্রকাশ করা হয়। এসংক্রান্ত প্রতিবেদনের শিরোনামে বলা হয়, চট্টগ্রামে বাংলাদেশ পুলিশ সদস্যদের ওপর বোমা হামলার দায় স্বীকার করেছে আইএস। তবে ঘটনার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারো দায় স্বীকারের বিষয়টিকে বড়ো করে দেখার প্রয়োজন মনে করছে না চট্টগ্রাম পুলিশ। শনিবার রাতে এ ঘটনায় অজ্ঞাতসংখ্যক ব্যক্তিকে আসামি করে নগরীর পাঁচলাইশ থানায় মামলা হয়েছে। মামলার তদন্ত সংস্থা সিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের উপকমিশনার হাসান মো. শওকত আলী ইত্তেফাককে বলেন, আমরা ঘটনাটিকেই বড়ো করে দেখতে চাই। পুলিশ বক্সে হামলা হয়েছে, এটাই আমাদের কাছে বিবেচ্য বিষয়। কে দায় স্বীকার করল সেটা আপাতত বড়ো বিষয় নয়। ঘটনার সঙ্গে যে ব্যক্তি বা গোষ্ঠীই জড়িত থাকুক না কেন তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।
এদিকে, পুলিশ বক্সে বিস্ফোরণের ঘটনায় শনিবার রাতে নগরীর পাঁচলাইশ থানায় অজ্ঞাতসংখ্যক ব্যক্তিকে আসামি করে মামলা হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কাশেম। ট্রাফিক পরিদর্শক অনীল চাকমা বাদী হয়ে বিস্ফোরণ, আঘাত, পুলিশকে সরকারি কর্মে বাধাদান, জনগণকে ভয়ভীতি দেখানোসহ বিভিন্ন ধারায় মামলাটি দায়ের করেন। মামলা তদন্তের দায়িত্ব পেয়েছেন সিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক আফতাব হোসেন।