কালকিনিতে এসএসসি পরীক্ষার্থীর হাত-পায়ের রগ কর্তন

পূর্ব শত্রুতার জেরে মাদারীপুরের কালকিনিতে তারেক মাহমুদ (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর বাম হাত-পায়ের রগ কেটে দিয়েছে অপর পরীক্ষার্থীরা। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে। গুরুতর আহত তারেককে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত পরীক্ষার্থী বড়চর লক্ষ্মীপুর গ্রামের জাকির সরদারের ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, কালকিনি উপজেলার বাঁশগাড়ি এলাকার খাশেরহাট সৈয়দ আবুল হোসেন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এসএসসি ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য সকাল সাড়ে ৯টায় তারেক মাহমুদ পরীক্ষা কেন্দ্রে আসে। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে অপর পরীক্ষার্থী ইরান ও ফুয়াদের নেতৃত্বে কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে তারেকের বাম পা ও হাতের রগ কেটে দেয়। স্থানীয় লোকজন তারেককে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে ঢাকায় পাঠানো হয়। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির উদ্দিন মৃধা বলেন, এখন পরিস্থিতি শান্ত। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।