লাকসামে অল্পের জন্য ভয়াবহ দুর্ঘটনা থেকে বেঁচে গেল ঢাকা থেকে চট্টগ্রামগামী বিরতিহীন আন্তঃনগর সুবর্ণ ট্রেন। গতকাল রবিবার সকালে লাকসাম রেলওয়ে জংশনে এ ঘটনা ঘটে। এতে ট্রেনটি এক ঘণ্টা বিলম্বে ছেড়ে যায়।
স্থানীয় ও রেলওয়ের প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকাল ৯টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামগামী সুবর্ণ ট্রেন লাকসাম রেলওয়ে জংশন অতিক্রম করার সময় হঠাত্ একটি বগির নিচে আগুন দেখা যায়। এ সময় রেলকর্মী ও যাত্রীরা চিত্কার করলে চালক ট্রেন থামায়। এ সময় যাত্রীরা দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকে। তবে হতাহতের ঘটনা ঘটেনি। অগ্নিদুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বগিতে প্রায় ৬০ জন যাত্রী ছিল। লাকসাম রেলওয়ে জংশন যান্ত্রিক বিভাগের ট্রেন পর্যবেক্ষক আক্তার হোসেন জানান, ট্রেনের চাকা ও স্প্রিংয়ের ঘর্ষণে আগুনের সূত্রপাত হয়।