মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতায় প্রেমিক তপনকে (২৭) পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে প্রেমিকার আত্মীয়স্বজনদের বিরুদ্ধে। গতকাল রবিবার রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে শনিবার তাকে পিটিয়ে আহত করা হয়। তপন মেহেরপুর সদর উপজেলার গোপালপুর গ্রামের আনছার আলীর ছেলে।
তপনের প্রেমিকা রোমানা জানান, তার সঙ্গে একই উপজেলার গোপালপুর গ্রামের আনছার আলীর ছেলে তপনের দীর্ঘদিনের প্রেম ছিল। গত শনিবার তাদের পালিয়ে বিয়ে করার কথা ছিল। কথামতো তপন রাতে তার এক বন্ধুকে নিয়ে বুড়িপোতা যায়। এসময় রোমানা রাস্তায় বের হয়ে এলে তার এক দূর সম্পর্কের মামা স্থানীয় চৌকিদার আনোয়ার হোসেন দেখে ফেলে। তখন আনোয়ারসহ গ্রামের বেশ কয়েকজন গাছের ডাল দিয়ে গণপিটুনি দিয়ে আহত করে তপনকে। মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা তপনকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। গতকাল অবস্থা অবনতি হলে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তপনের পিতা আনছার আলী জানান, আমার ছেলেকে যারা পিটিয়ে হত্যা করেছে তাদের বিচার চাই।
এসআই অর্জুন কুমার সরকার জানান, গতকাল ৯৯৯ থেকে ফোন করা হলে ঘটনাস্থলে গিয়ে মেয়েটিকে উদ্ধার করে নিয়ে আসি।
মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে মেয়েটিকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে, যাতে অভিযুক্তরা ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করতে না পারে। লাশের ময়নাতদন্ত করা হবে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।