নরেন্দ্র মোদির কাছে জনগণের প্রত্যাশার প্রতিফলন চাই ------- পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে আসার জন্য আমরা ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দাওয়াত দিয়েছি। তিনি আসার কথা নিশ্চিত করেছেন। অতিথি হিসেবে তাকে সর্বোচ্চ সম্মান দেওয়া হবে। একইসঙ্গে আমন্ত্রিত অতিথিরা যেন বাংলাদেশের জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটান, আমরা সে প্রত্যাশাও করি। গতকাল রবিবার ঢাকায় এক অনুষ্ঠানে নরেন্দ্র মোদির আগমন নিয়ে বাংলাদেশে প্রতিবাদ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, আমরা আমাদের নিয়মে মেহমানদারি করব,       সম্মান দেব। তবে আমরা এটুকু আশা করব, মেহমানরা বাংলাদেশের জনগণের প্রত্যাশা এবং জনগণের ইচ্ছার ব্যাপারে একটা ভালো অবস্থান নেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠান আগামী ১৭ মার্চ। এই অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের আমন্ত্রণ জানানো হচ্ছে, যার মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও রয়েছেন।

এদিকে গতকাল ঢাকায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) মিলানয়নে আয়োজিত এ সেমিনারে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর নিয়ে কোনো বিক্ষোভই আমলে নিচ্ছি না। মুজিববর্ষ উপলক্ষে মহান স্বাধীনতার অন্যতম সহযোগী প্রতিবেশী রাষ্ট্রের প্রধানমন্ত্রী আসবেন। এছাড়া দিল্লির সহিংসতা ভারতের অভ্যন্তরীণ বিষয়। তবে আমরা চাইব, এটার দ্রুত সমাধান হোক।

ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা আজ সোমবার ঢাকায় আসছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ভারতের পররাষ্ট্র সচিবের আগে আমাদের দেশের হাইকমিশনার ছিলেন। তার সময়ে অনেক ভালো কাজ হয়েছে। মুজিববর্ষ উপলক্ষ্যে ভারতের প্রধানমন্ত্রী আমাদের দেশে আসবেন। সে বিষয়ে তিনি সার্বিক আলোচনা করবেন।

 

মুজিববর্ষে বঙ্গবন্ধুর আদর্শকে সবার

মধ্যে ছড়িয়ে দিতে হবে

বিশ্ববিদ্যালয় রিপোর্টার জানান, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, মুজিববর্ষে তরুণদের মধ্যে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ছড়িয়ে দিতে হবে। আর এ দায়িত্ব পালনের জন্য তরুণ সমাজের প্রতি তিনি আহ্বান জানান। গতকাল রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসীন হল মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ‘আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পস-২০২০’ অনুষ্ঠান আয়োজিত হয়।