গুরুদাসপুর (নাটোর) সংবাদদাতা
রাম বসাক (৩৫) নামের এক ইটভাটা শ্রমিককে শিকলে বেঁধে নির্যাতন করা হয়েছে। গুরুদাসপুরের মেসার্স এ এস বি ব্রিকস নামের ইটভাটার একটি গোপন কক্ষে আটকে রেখে তিন দিন ধরে তার ওপর নির্যাতন চালানো হয়। ভাটা মালিক আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম মোল্লার ছেলে আলমগীর মোল্লা ও তার ভাতিজা ছাবলু যৌথভাবে নির্যাতন চালিয়েছেন। এ ঘটনায় শনিবার সকাল দশটার দিকে নির্যাতিত রাম বসাকের পিতা ছুটু বসাক গুরুদাসপুর থানায় লিখিত অভিযোগ দিলেও পুলিশ দুপুর ১২টা পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। নির্যাতনের শিকার শ্রমিক রাম বসাক জানান, তিনি উপজেলার শাহাপুর গ্রামের আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম মোল্লার ইটভাটায় মাটি তৈরির কাজ করেন। অভাবে পড়ে বর্ষা মৌসুমে ১৫ হাজার টাকার অগ্রিম শ্রম বিক্রি করেছিলেন তিনি। তাও সিরাজুল ইসলাম নামের এক সর্দারের মাধ্যমে। চার মাস আগে কাজ শুরু করে ১৫ হাজার টাকা শোধ করেছেন তিনি। কিন্তু সর্দার সিরাজুলসহ কিছু শ্রমিক পালিয়ে যাওয়ায় তাকে শিকলবন্দি করে নির্যাতন করা হচ্ছে। আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম মোল্লা দাবি করেন, তার ভাটায় কাজ করার জন্য শ্রমিক সর্দার সিরাজুল ইসলাম অগ্রিম ১৫ লাখ টাকা নিয়েছিলেন। এর মধ্যে শ্রমিকের কাজ করার মাধ্যমে ৯ লাখ টাকা পরিশোধ করে পালিয়েছেন। তবে যাকে শেকলে বেঁধে রাখা হয়েছে তিনি শ্রমিক হলেও সর্দারকে ধরতেই তাকে আটকে রাখা হয়েছে।