সব বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষা ও শিক্ষক নিয়োগের দাবি

রাজশাহীতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, রাজশাহী

সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষা এবং শিক্ষক নিয়োগের দাবিতে রাজশাহীতে মানববন্ধন হয়েছে। গত শনিবার সকাল সাড়ে ১০টায় নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে স্থানীয় নাগরিক সংগঠন পরিবর্তন, প্রকৃতির জন্য মমতা-প্রজন্ম, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ ও ইয়ুথ এন্ডিং হাঙ্গার রাজশাহী সিটি ইউনিট যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে। লেখক ও কলামিস্ট মুক্তিযোদ্ধা প্রশান্ত সাহার সভাপতিত্বে মানববন্ধনে জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সভাপতি সাইদুর রহমান, মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, রাজশাহী প্রেসক্লাবের সহ-সভাপতি আবু সালেহ মো. ফাত্তাহ, পরিবর্তনের প্রধান নির্বাহী রাশেদ রিপন, প্রজন্মের সভাপতি সুব্রত কুমার পাল ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, ইয়ুথ এন্ডিং হাঙ্গারের জাতীয় ফোরাম সদস্য জাহিদ হাসান প্রমুখ বক্তব্য রাখেন। কর্মসূচি সঞ্চালনা করেন আতাউর রহমান স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক আসলাম উদদৌল্লা। বক্তারা বলেন, আমাদের চিন্তা ভাবনা ও নৈতিকতা দিন দিন কমে যাছে। টাকা উপার্জনই যেন মুখ্য হয়ে উঠছে। বিশ্ববিদ্যালয়গুলো স্বায়ত্তশাসনের নামে যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছে।