সিএএবিরোধী মিছিল, প্রতিবাদ সভায় শামিল হওয়ার অভিযোগে এবার কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পোল্যান্ডের এক শিক্ষার্থীকে দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিল ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও)। কামিল সেইডসিনস্কি নামে ঐ শিক্ষার্থী যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্য নিয়ে পড়াশুনা করছেন। কয়েকদিন আগে একই অভিযোগে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আফসারা অনিকা মিম নামে এক বাংলাদেশি পড়ুয়াকেও ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়।
কলকাতায় সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএবিরোধী মিছিলে হেঁটে ছিলেন কামিল সেইডসিনস্কি। এরপর তাকে নোটিশ পাঠিয়ে ২২ ফেব্রুয়ারি দপ্তরে দেখা করার নির্দেশ দেয় এফআরআরও। দেখা করার পর ভারত ছাড়ার নোটিশ দেওয়া হয়। নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে তা কার্যকর করতে বলা হয়। কারণ হিসেবে বলা হয়, এক জন বিদেশি নাগরিক হিসেবে স্টুডেন্ট ভিসা নিয়ে তিনি এদেশে এসে অনৈতিক কাজে লিপ্ত হয়েছেন।