রাজধানীতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে হানিফ মিয়া (৪৮) নামে এক জনের মৃত্যু হয়েছে। ঐ ব্যক্তি ডাকাতি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত বলে সন্দেহ র্যাবের। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর কলেজ গেট এলাকায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সামনে এই ঘটনা ঘটে। নিহত হানিফ নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলার থামাছি গ্রামের বুইদ্দা মিস্ত্রীর ছেলে।
র্যাব-২ এর ডিএডি আজাদ জানান, রাতে তাদের একটি টহল দল রাস্তায় দায়িত্ব পালন করছিল। তখন একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে তাদের উদ্দেশে গুলি ছোড়া হয়। জবাবে র্যাবও পালটা গুলি চালালে হানিফ মিয়া নামে ঐ ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে পড়ে যান। তবে তার সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ হানিফ মিয়াকে ঢাকা মেডিক্যালে নেওয়া হলে রবিবার ভোর ৪টার দিকে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। ডিএডি আজাদ আরো জানান, নিহত হানিফের কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।