বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা জনগণের কাছে যাচ্ছি এবং তাদের ঐক্যবদ্ধ করার কাজ করছি। আমি বিশ্বাস করি যে, জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে গণতন্ত্রের নেতা খালেদা জিয়া মুক্ত হবেন। আইনি প্রক্রিয়ায় দ্বিতীয় দফায় হাইকোর্টে খালেদা জিয়ার জামিন খারিজ হওয়ার পরিপ্রেক্ষিতে বিএনপি এখন কী করবে, এ প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। গতকাল রবিবার মত্স্যজীবী দলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জিয়াউর রহমানের মাজারে পুষ্পমাল্য অর্পণ শেষে সাংবাদিকদের কাছে বক্তব্য দানকালে মির্জা ফখরুল আরো বলেন, সরকার শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে খালেদা জিয়াকে আটকে রেখেছে। রাজনৈতিক কারণেই প্রাপ্য জামিনটা পর্যন্ত তাকে দিচ্ছে না।
‘বিদ্যুতের দাম সামান্য বেড়েছে’—বিদ্যুতের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এ বক্তব্যের বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, তারা তো জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছেন। জনগণের দুঃখ-দুর্দশা এখন তাদের কাছে কোনো বিষয় নয়। বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপি কেন্দ্রীয়ভাবে আগামীকাল মঙ্গলবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এবং আজ সোমবার সারাদেশে জেলা সদরে মানববন্ধন করবে বলেও জানান মির্জা ফখরুল। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির মত্স্যবিষয়ক সম্পাদক লুতফর রহমান কাজল, মত্স্যজীবী দলের সভাপতি রফিকুল ইসলাম মাহতাব, সদস্য সচিব আবদুর রহিম, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ প্রমুখ।