ঋণের সুদহার নয় শতাংশ চ্যালেঞ্জ করে রিট

ঋণের সুদহার ৯ শতাংশ নির্ধারণ করে বাংলাদেশ ব্যাংকের জারিকৃত প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। বিচারপতি তারিক-উল হাকিম ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এ রিটের ওপর আজ সোমবার শুনানি হতে পারে। রিট আবেদনে বলা হয়েছে, ঋণের সুদহার নয় শতাংশ নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। কিন্তু আমানতকারীদের সুদের হার কত সেটা এই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি। সুদের হার কমানোর কারণে কয়েক কোটি আমানতকারী ক্ষতিগ্রস্ত হবে। এতে আরো বলা হয়, সরকারি ও বেসরকারি ব্যাংকগুলোর ক্ষেত্রে সুদের হার ৯ শতাংশ করা হলেও নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলোর সুদের হার কত হবে সেটা এখানে উল্লেখ নেই। ফলে এসব ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান গ্রাহকের কাছ থেকে ইচ্ছেমত সুদ আরোপ করতে পারবে। যা বৈষম্যমূলক।

মাহফুজুর রহমান নামের আইনের একজন শিক্ষার্থী গতকাল রবিবার হাইকোর্টে এ রিট করেন। তার কৌঁসুলি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, রিট আবেদনে বাংলাদেশ ব্যাংকের জারিকৃত প্রজ্ঞাপনের কার্যকারিতা স্থগিত চাওয়া হয়েছে।

প্রসঙ্গত বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে সকল তপশিলি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়। এতে বলা হয়েছে,  চলতি বছরের পহেলা এপ্রিল থেকে নির্ধারিত ৯ শতাংশ সুদ হারে ঋণ বিতরণ শুরু হবে।