নিখোঁজের ৭ দিনেও উদ্ধার হয়নি স্কুলছাত্র ৮ম শ্রেণীর ছাত্র মারুফ সিকদার (১৪)। সন্তানের সন্ধান না পেয়ে পরিবারে চলছে শোকের মাতম। মারুফের পরিবারের দাবি, দুর্বৃত্তরা তাকে অপহরণ করে নিয়ে গেছে।
নিখোঁজ মারুফ সিকদার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুর্কি ইউনিয়নের কদিমধল্যা গ্রামের আজমত আলী সিকদারের ছেলে ও মির্জাপুর উপজেলার ড. আয়েশা রাজিয়া খোন্দকার স্কুল অ্যান্ড কলেজের ৮ম শ্রেণির ছাত্র।
অধ্যক্ষ মৃণাল কান্তি ঘোষ জানান, গত ২৪ ফেব্রুয়ারি মারুফ স্কুল থেকে বাড়ি ফিরে স্কুলের পোশাক পরিবর্তন করে কদিমধল্যা খেলার মাঠে সহপাঠীদের সঙ্গে খেলতে বের হয়। এরপর থেকে মারুফ নিখোঁজ বলে তিনি জানতে পেরেছেন।
মারুফের বাবা আজমত আলী জানান, কি কারনে মারুফ নিখোঁজ হয়েছে তারাও তা জানতে না পেরে উদ্বিগ্ন হয়ে পরেছেন। গত ৬ দিন ধরে ছেলের সন্ধানে আত্মীয় স্বজনসহ বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেছেন। কিন্তু কোন হদিস করতে পারছেন না। নিরুপায় হয়ে ছেলেকে ফিরে পাবার আশায় আজ রবিবার মির্জাপুর থানায় একটি সাধারণ ডায়রি করেছেন। মারুফকে না পেয়ে তার সহাঠীসহ এলাকায় নেমে এসেছে শোকের মাতম।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. সায়েদুর রহমান জানান, মারুফ সিকদার নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে মর্মে তার বাবা আজমত সিকদার সাধারণ ডায়রি করেছেন। ডায়েরি করার পর পুলিশের পক্ষ থেকে নিখোঁজ মারুফকে উদ্ধারের জন্য বিভিন্ন এলাকায় অনুসন্ধান শুরু হয়েছে। এখন পর্যন্ত নিখোঁজ মারুফের কোন সন্ধান মিলেনি। পুলিশের পক্ষ থেকে তাকে উদ্ধারের জন্য সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে।
ইত্তেফাক/বিএএফ