চিত্রনায়ক নিরব হোসেন। প্রতিবছর নিয়মিত মুক্তি পাচ্ছে তার সিনেমা । সম্প্রতি ‘হূদয় জুড়ে’ সিনেমাটি মুক্তি পায় তার। বর্তমানে সিনেমাটির প্রচারণা ও দর্শকদের সঙ্গে সিনেমাটি দেখা নিয়ে ব্যস্ততা রয়েছেন তিনি। সেই প্রসঙ্গের পাশাপাশি ইন্ডাস্ট্রির অবস্থা প্রসঙ্গে কথা বললেন বিনোদন প্রতিদিনের সঙ্গে। সাক্ষাত্কার নিয়েছেন মোস্তাফিজ মিঠু
কেমন আছেন?
বেশ ভালো আছি। সিনেমার মুক্তির সময়টা আমার অন্যরকম যায় সবসময়। একটা উত্সবের মধ্যে থাকি।
শুরুতে তাহলে সিনেমার প্রসঙ্গেই আসি। সম্প্রতি আপনার ‘হূদয় জুড়ে’ সিনেমাটি মুক্তি পেলো। দর্শকদের সাড়া ও আপনার প্রত্যাশার জায়গটা নিয়ে কিছু বলুন—
সাড়া ও প্রত্যশা দুই জায়গাতেই আমি বেশ উচ্ছ্বসিত। কারণ এই সিনেমাটির জন্য অনেকদিন ধরে দর্শকরা অপেক্ষায় ছিলেন। মুক্তির পর সেই বিষয়টি কাছে থেকে দেখতে পেলাম। আমার সঙ্গে রয়েছেন কলকাতার প্রিয়াঙ্কা সরকার। আমাদের দেশে তারও ভালো জনপ্রিয়তা রয়েছে। সব মিলিয়ে দর্শকদের জন্য বিনোদন নির্ভর একটি সিনেমরা উপহার দিতে পেরেছি।
সিনেমাটি অনেক আগে মুক্তির কথা থাকলেও পায়নি। এর কারণ?
মাঝে শুটিং বন্ধ ছিল অনেকদিন। বিভিন্ন অভ্যন্তরীন কারণে কাজটি পিছিয়েছে।
বর্তমান অবস্থায় দেশের সিনেমা নিয়ে দর্শকদের প্রত্যাশার জায়গটা কেমন মনে হয় আপনার?
এখন দর্শকদের হাতে সবকিছু। তার বিনোদনের ক্যাটাগরিটা সে নিজেই নির্বাচন করতে পারেন। দর্শকদের হলে আনতে তাদের পছন্দ নিয়ে ভাবতে হবে। তাহলেই দর্শক হলে আসবে। হলে আসার আগ্রহ দর্শকদের রয়েছে। তাদের ভালো সিনেমা ও ভালো পরিবেশ দিলে দর্শকদের সাপোর্ট সবসময় পাওয়া যাবে।