স্পোর্টস রিপোর্টার
অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে দুটি ম্যাচ জয়ের লক্ষ্যের কথা জানিয়েছিলেন সালমা খাতুন। কিন্তু অধিনায়কের সেই প্রত্যাশা পূরণ হলো না। টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের সবগুলো ম্যাচই হারল বাংলাদেশ নারী ক্রিকেট দল।
মেলবোর্নের জাঙ্কশন ওভালে গতকাল ভোরে শ্রীলঙ্কার মেয়েদের কাছে সালমারা হেরে যায় নয় উইকেটের বিশাল ব্যবধানে। বাংলাদেশের আট উইকেটে করা ৯১ রানের জবাবে বড়ো কোনো বাধার মুখে পড়তে হয়নি লঙ্কান নারীদের। চার ওভার তিন বল হাতে রেখে মাত্র একটি উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় তারা। জিতে নয় উইকেটের বিশাল ব্যবধানে। এর অর্থ হলো বিশ্বকাপ থেকে শূন্য হাতেই বিদায় নিল বাংলাদেশের মেয়েরা।
টসে জিতে ব্যাট করতে নামা বাংলাদেশের মেয়েদের ব্যাটিংয়ে গতকাল বাধা হয়ে দাঁড়িয়েছিলেন শশীকলা সিরিবর্ধনে। ডান হাতি এই অফস্পিনার চার ওভার বোলিং করে মাত্র ১৬ রান হজম করে নেন চার উইকেট। তার হাতেই উঠেছে ম্যাচ সেরার পুরস্কার। এছাড়া অচিনি কুলাসুরিয়া নেন দুই উইকেট।
বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৩৯ রান করেন উইকেটরক্ষক ব্যাটসম্যান নিগার সুলতানা। তার ৪৫ বলের ইনিংসে ছিল পাঁচটি চার। এর বাদে আর মাত্র দুজন তিন অঙ্কের ঘরে পৌঁছাতে পারেন। এখানেই ম্যাচ থেকে ছিটকে যায় সালমা খাতুনের দল।
জবাব দিতে নেমে শ্রীলঙ্কান দুই ওপেনার হাসিনি পেরেরা ও অধিনায়ক চামারি আতাপাত্তু ৫১ রানের জুটি গড়েন। আতাপাত্তু ৩০ রানে নাহিদা আক্তারের বলে উইকেটের পেছনে নিগার সুলতানার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান। তবে, শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন পেরেরা। তিনি পাঁচটি চারের সৌজন্যে করেন ৩৯ রান। তিন নম্বরে নামা আনুশকা সঞ্জিবনী অপরাজিত থাকেন ১৬ রানে।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্যায়ে আর মাত্র দুটি ম্যাচ বাকি। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে আজ। এরপর আগামী পাঁচ মার্চ, বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে দুই সেমিফাইনাল। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে। এরপর আট মার্চ অনুষ্ঠিত হবে ফাইনাল। ফাইনালের ভেন্যু মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড।
সংক্ষিপ্ত স্কোর:
টস: বাংলাদেশ নারী দল
বাংলাদেশ নারী দল: ২০ ওভারে ৯১/৮ (মুর্শিদা ৩, আয়েশা ৬, সানজিদা ১৩, নিগার ৩৯, ফারজানা ১৩, রুমানা ০, রিতু ৮, ফাহিমা ১, সালমা ২*; প্রবোধানি ৪-০-১৩-০, সিরিবর্ধনে ৪-০-১৬-৪, কুলাসুরিয়া ৩-০-১৯-২, কুমারি ২-০-১২-০, দিলহারি ৪-০-১৩-১, আতাপাত্তু ৩-০-১৬-০)।
শ্রীলঙ্কা নারী দল: ১৫.৩ ওভারে ৯২/১ (আতাপাত্তু ৩০, পেরেরা ৩৯*, সঞ্জিবনী ১৬*; সালমা ৩-১-১৫-০, পান্না ২-০-১৮-০, নাহিদা ৩.৩-০-১৮-১, রিতু ৪-০-১৮-০, রুমানা ২-০-১২-০, ফাহিমা ১-০-৭-০)।
ফল: শ্রীলঙ্কা ৯ উইকেটে জয়ী।
ম্যাচ সেরা: শশীকলা সিরিবর্ধনে।