স্পোর্টস ডেস্ক
ওয়ানডে বিশ্বকাপেই তিনি ছিলেন দলের অধিনায়ক। অথচ, এরপর থেকে টানা সাত মাস তিনি ছিলেন ওয়ানডে দলের বাইরে। তবে, অপেক্ষার অবসান হয়েছে সাবেক এই অধিনায়কের। ভারত সফরে ১৫ সদস্যের দলে তাকে জায়গা করে দিয়েছে ক্রিকেট সাউথ আফ্রিকার (সিএসএ) নির্বাচক প্যানেল।
কুইন্টন ডি ককের নেতৃত্বে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ভারতে আসছে দক্ষিণ আফ্রিকা দল। আগামী ১২ মার্চ ধর্মশালায় হবে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। বাকি দুই ম্যাচ হবে ১৫ ও ১৮ মার্চ। ম্যাচ দুটি হবে যথাক্রমে লখনৌ ও কলকাতায়।
ব্যাটসম্যান রাসি ফন ডার ডাসেনকেও ফিরিয়ে আনা হয়েছে ভারতের বিপক্ষে। অন্যদিকে বাঁ-হাতি স্পিনার জর্জ লিন্ডে প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন। এই ভারতের বিপক্ষে গত অক্টোবরে তার টেস্ট অভিষেক হয়।
কুঁচকির চোটের কারণে ছিটকে পড়েছেন পেসার কাগিসো রাবাদা। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ভারত সফরের দলে নেই লেগ স্পিনার তাবরাইজ শামসি।
ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে স্কোয়াড : কুইন্টন ডি কক (অধিনায়ক), টেম্বা বাভুমা, রাসি ফন ডার ডাসেন, ফাফ দু প্লেসি, কাইল ভেরেইন, হাইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, জন-জন স্মাটস, আন্দিলে ফেলুকওয়ায়ো, লুঙ্গি এনগিডি, লুথো সিপামলা, বিউরান হেনড্রিকস, আনরিক নরকিয়া, জর্জ লিন্ডে, কেশব মহারাজ।