স্পোর্টস রিপোর্টার
খ্রিষ্টান ধর্মাবলম্বিদের সবাই কাল বড়দিন উদযাপন করেছেন। নিজেকে সব উদযাপন হতে দূরে রেখেছেন বসুন্ধরা কিংসের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজেন। ফাইনালে ট্রফি জয়ের আশায় সব আনন্দ মাটি করে দিয়েছেন অস্কার ব্রুজেন। জানতে চাইলে বললেন, ‘সোমবার রাতে খাননি। আজ (গতকাল) দুপুরেও খাবেন না। খাওয়ার সঙ্গে সম্পর্কটা কি জানা গেল না। তবে একটা জেদ ধরেছেন ফাইনালে ট্রফি জয় করেই সব আনন্দ করবেন। বললেন, ‘আমি বড়দিন পালন করব ২৭ ডিসেম্বর। আজ ফাইনাল জিতে রাতেই চলে যেতে চাই। ২৭ ডিসেম্বর স্পেনে গিয়ে আরো আত্মীয়-স্বজন রয়েছেন সবার সঙ্গে আনন্দ করব।’
কাল যখন বাফুফে ভবনে স্বাধীনতা কাপের ট্রফি টেবিলে রাখা হলো। একটি বারও ট্রফি ছুঁয়ে দেখেননি অস্কার। তারই সামনে তার খেলোয়াড় ইমন বাবু ট্রফি নিয়ে ছবি তুললেন। ফটো সাংবাদিকরা ছবি তুললেন পাশে কোচকে ফ্রেমবন্দি করে। কিন্তু অস্কার ট্রফি হতে নিজেকে দূরে রাখলেন। কেন? অস্কারের জবাব, ‘আমি এখন ট্রফি ধরবই না। ফাইনালের মঞ্চে উঠে ট্রফি ধরব। এটা আমার শপথ। ঢাকায় তার স্ত্রী রয়েছেন। তাকেও বড়দিনের উত্সব হতে বঞ্চিত করেছেন। স্ত্রীও মুখিয়ে আছেন স্বামীর সাফল্য কামনায়। ফেডারেশন কাপ ফুটবলের ফাইনালে আবাহনীর কাছে হেরে রানার্সআপ হয়েছিল বসুন্ধরা। ৩২ দিনের মধ্যে আরেকটি ফাইনাল খেলছে বসুন্ধরা। সেমিফাইনালে টাইব্রেকারে ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন আবাহনীকে বিদায় করে দেয় বসুন্ধরা। বাংলাদেশের ফুটবল দর্শক রাত জেগে স্প্যানিশ ফুটবল উপভোগ করেন। সেই দেশের মানুষটি বাংলাদেশে চাকরি করতে এসে জানলেন বাংলার ঘরে ঘরে স্প্যানিশ ফুটবলের কদর। জাভি, ইনিয়েস্তা, পুয়োল, পিকে, সার্জিও রামোসদের ফুটবল কতোটা জনপ্রিয় তা দেখেছেন এখানে এসে। সেই দেশের মানুষ হয়ে নিজেদের সেই সম্মানে রাখতে একটু বেশি পরিশ্রম করেন অস্কার। আজ ট্রফি জিতে রাতে বাড়ি ফেরার প্লেনে চড়তে চান তিনি।