শেয়ারবাজার....... সাত কর্মদিবস পর বাড়ল সূচক

ইত্তেফাক রিপোর্ট

টানা সাত কার্যদিবস দরপতনের পর গতকাল সোমবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচক কিছুটা বেড়েছে। তবে সূচক বাড়লেও ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণ।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গতকাল ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৩৪ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে টানা সাত কার্যদিবসের পতনে সূচকটি কমে ৩৪৮ পয়েন্ট। অপর দুই সূচকের মধ্যে গতকাল ডিএসই-৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৭৯ পয়েন্টে এবং ডিএসইর শরিয়াহ ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩০ পয়েন্টে দাঁড়িয়েছে। গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। লেনদেনে অংশ নেওয়া ২২৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৭৫টির। অপরিবর্তিত রয়েছে ৫১টির দাম।

গতকাল ডিএসইতে লেনদেনের পরিমাণ কিছুটা কমেছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৪১৯ কোটি ৭৪ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৪৫৬ কোটি ১৭ লাখ টাকা। সে হিসাবে লেনদেন কমেছে ৩৬ কোটি ৪৩ লাখ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ৬৪ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৫৮৩ পয়েন্টে দাঁড়িয়েছে। এ বাজারে লেনদেন হয়েছে ১৫ কোটি ৯৫ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৩৫টি প্রতিষ্ঠানের মধ্যে ১৩৭টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৭৬টির এবং ২২টির দাম অপরিবর্তিত রয়েছে।