মৌলভীবাজারে পুলিশের সঙ্গে গোলাগুলিতে ডাকাত সর্দার নিহত

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজার সদর উপজেলার কাগাবালা ইউনিয়নে বোরতলায় ডাকাত ও পুলিশের মধ্যে গোলাগুলিতে ডাকাত সর্দার বুলু মিয়া নিহত হয়েছেন। এ ঘটনায় মৌলভীবাজার মডেল থানার ওসিসহ ৫ পুলিশ আহত হয়েছেন। এ সময় দুই ডাকাতকে আটক, অস্ত্র, ডাকাতি করা মালামাল ও ডাকাতির কাজে ব্যবহূত দুটি সিএনজি অটোরিকশা উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জনায়, শুক্রবার গভীর রাতে ১০/১২ জন ডাকাত পার্শ্ববর্তী নাজিরাবাদ ইউনিয়নের কমলাকলস গ্রামের আব্দুল খালিকের বাড়িতে ডাকাতি করে। ডাকাতরা মালামাল নিয়ে পালানোর সময় কাগাবালা ইউনিয়নের বোরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পুলিশ সিএনজি অটোরিকশার গতিরোধ করে। এসময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে পুলিশ পালটা গুলি করলে ডাকাত সর্দার বুলু মিয়া ঘটনাস্থলেই নিহত হয়। তার বাড়ি সিলেটের ওসমানী নগরে।

এ সময় আটক করা হয় দুই ডাকাতকে। তারা হলেন সিলেটের বিয়ানিবাজার আঙ্গুরা গ্রামের আব্দুল বারীর ছেলে লাল মিয়া ও মৌলভীবাজার সদর উপজেলার আতানগিরি গ্রামের হায়দর মিয়ার ছেলে আফজাল মিয়া। অন্য ডাকাতরা পালিয়ে গেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত পুলিশ সদস্যরা হলেন: মৌলভীবাজার মডেল থানার ওসি আলমগীর হোসেন, এসআই কোরবান আলী, কনস্টেবল নিলয়, সুরঞ্জিত দাস ও নিরুপম পাল।