ইত্তেফাক রিপোর্ট
অভিনব কায়দায় প্রায় অর্ধ কোটি টাকার গার্মেন্টস মালামাল চুরি এবং ঘটনা ধামাচাপা দিতে গুদামে আগুন লাগানোর অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে র্যাব। তারা হলেন মো. শহীদুল ইসলাম ও মো. আরিফুল ইসলাম। গত রবিবার গাজীপুরের ধান গবেষণা ইনস্টিটিউটের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের জিম্মায় থাকা ৪৩ লাখ ২২ হাজার ৬৫ টাকার গ্যাবাডিন লেডিস প্যান্ট, ডেনিম মেনস প্যান্ট, লেডিস ট্রাউজার, গার্লস ফ্রগ, বয়েজ শার্ট এবং লেডিস শার্ট উদ্ধার করা হয়েছে।
র্যাব-৪-এর সিনিয়র এএসপি মো. আক্তারুজ্জামান জানান, গত ৭ ফেব্রুয়ারি পল্লবীর সেকশন-১১, ব্লক-এ’তে ‘নীলা ফ্যাশন হাউজ’ প্রতিষ্ঠানের মালিক তার গুদামে ৬৪ লাখ ১১ হাজার ৩৭৫ টাকার রেডিমেড কাপড়ের মালামাল তালা দিয়ে রেখে যান। ১৫ ফেব্রুয়ারি জানতে পারেন ঐ গুদামে আগুন লেগেছে। এতে গুদামে রাখা ২০ লাখ ৮৮ হাজার ৩১০ টাকার মালামাল পুড়ে ছাই হয়। আগুন লাগার বিষয়টি মালিকের সন্দেহ হলে পাশের বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ দেখেন। এতে দেখা যায়, ঘটনার দিন শহীদুল, আরিফুল, শাহীনসহ অজ্ঞাত আরো ১০/১২ জন গোডাউনের তালা ভেঙে কাভার্ড ভ্যানে করে ৯৬ কার্টন গার্মেন্টস সামগ্রী লুট করে এবং আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় পল্লবী থানায় মামলা হয়।